ঢাকা, শনিবার, ২৭ জুন ২০২৬

ডি-লিস্টিংয়ের শঙ্কা কাটিয়ে লন্ডন স্টক এক্সচেঞ্জে ফিরল বেক্সিমকো ফার্মা

২০২৬ জুন ২৭ ১৫:৩৭:৪৯
ডি-লিস্টিংয়ের শঙ্কা কাটিয়ে লন্ডন স্টক এক্সচেঞ্জে ফিরল বেক্সিমকো ফার্মা

নিজস্ব প্রতিবেদক: লন্ডন স্টক এক্সচেঞ্জে (এলএসই) তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির গ্লোবাল ডিপোজিটরি রিসিপ্টস (জিডিআর)-এর ওপর আরোপিত ট্রেডিং স্থগিতাদেশ তুলে নেওয়া হয়েছে। এর ফলে গত ২৬ জুন থেকে কোম্পানিটির জিডিআরের লেনদেন পুনরায় চালু হয়েছে।

শনিবার (২৭ জুন) ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ডিবিএ জানায়, ২০০৪ সালে লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়া বাংলাদেশের একমাত্র কোম্পানি হলো বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। তবে ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং পরবর্তী সময়ের আর্থিক প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে প্রকাশ করতে না পারায় ২০২৬ সালের ২ জানুয়ারি থেকে কোম্পানিটির জিডিআরের লেনদেন স্থগিত করা হয়।

লন্ডন স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্তি বিধিমালা অনুযায়ী, কোনো প্রতিষ্ঠানের শেয়ার বা সিকিউরিটিজ টানা ছয় মাস স্থগিত থাকার পরও যদি স্থগিতাদেশের কারণ দূর না হয়, তাহলে প্রতিষ্ঠানটি ডি-লিস্টিংয়ের মুখে পড়তে পারে। সে হিসাবে আগামী ২ জুলাই ছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের জন্য নির্ধারিত সময়সীমার শেষ দিন।

এমন পরিস্থিতিতে কোম্পানিটির জিডিআরকে ডি-লিস্টিংয়ের হাত থেকে রক্ষা করতে বিদেশি প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত বিনিয়োগকারীরা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানান। একই সঙ্গে তারা ডিবিএর সহযোগিতাও কামনা করেন।

পরবর্তীতে ডিবিএর সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে সংগঠনটি বিএসইসি এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।

ডিবিএর ভাষ্য অনুযায়ী, তাদের উদ্যোগের পর বিএসইসি কোম্পানিটির পরিচালনা পর্ষদকে বিশেষ বোর্ড সভা আয়োজনের অনুমতি দেয়। ওই সভায় ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন, নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী এবং ২০২৫-২৬ অর্থবছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হয়।

এসব আর্থিক প্রতিবেদন প্রকাশের মাধ্যমে কোম্পানিটির রিপোর্টিং-সংক্রান্ত ঘাটতি দূর হওয়ায় লন্ডন স্টক এক্সচেঞ্জ ট্রেডিং স্থগিতাদেশ প্রত্যাহার করে। একই সঙ্গে ২৬ জুন থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের জিডিআরের লেনদেন পুনরায় শুরুর অনুমতি দেওয়া হয়।

ডিবিএর মতে, এই সিদ্ধান্ত বাংলাদেশের পুঁজিবাজারের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও ভাবমূর্তি আরও সুদৃঢ় করতে সহায়ক হবে। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতেও এটি ইতিবাচক ভূমিকা রাখবে।

এ বিষয়ে সহযোগিতার জন্য অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়, বিএসইসি, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ডিবিএ। একই সঙ্গে বিদেশি বিনিয়োগ আকর্ষণ জোরদারে সরকারকে বিনিয়োগবান্ধব নীতি বাস্তবায়ন এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে