ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬

‘মদ্যপানে লাইসেন্স কেন লাগবে, বুঝি না’—সংসদে এমপি

২০২৬ জুন ২৬ ১১:০৫:১৮
‘মদ্যপানে লাইসেন্স কেন লাগবে, বুঝি না’—সংসদে এমপি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে মদ্যপানের জন্য লাইসেন্স নেওয়ার বিধান নিয়ে প্রশ্ন তুলেছেন কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। জাতীয় সংসদে তিনি বলেন, গাড়ি চালানো বা ব্যবসা পরিচালনার মতো মদ্যপানের ক্ষেত্রেও লাইসেন্সের প্রয়োজনীয়তা তার কাছে বোধগম্য নয়।

বৃহস্পতিবার (২৬ জুন) জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও মদ্যপানের লাইসেন্স ব্যবস্থা নিয়ে সমালোচনা করে শেখ মুজিবুর রহমান বলেন, “গাড়ি চালাইতে লাইসেন্স লাগে, মোটরসাইকেল চালাইতেও লাইসেন্স লাগে, এমনকি দোকান চালাইতেও লাইসেন্স লাগে। কিন্তু এখন শুনি মদ খাইতেও নাকি লাইসেন্স লাগে। এটা কোন দেশের আইন, আমার জানা নেই।”

মদের দাম বাড়ানোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, এতে অনেকে অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের জন্য লাইসেন্সের ব্যবস্থা সহজ করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

একই সঙ্গে তিনি মদ ও অন্যান্য মাদককে এক করে না দেখার আহ্বান জানান। তার দাবি, অনেক ক্ষেত্রে এক বোতল মদ উদ্ধারের ঘটনাতেও সাধারণ মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির সুযোগ তৈরি হয়, যা বন্ধ হওয়া উচিত।

বাজেট আলোচনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই সংসদ সদস্য। তিনি বলেন, পুলিশের সক্ষমতা বাড়ানো প্রয়োজন এবং অনেক থানায় টহল কার্যক্রম পরিচালনার জন্য পর্যাপ্ত যানবাহন নেই।

এ কারণে পুলিশের জন্য বরাদ্দ বৃদ্ধি এবং প্রয়োজনীয় যানবাহন ও সরঞ্জাম নিশ্চিত করার আহ্বান জানান শেখ মুজিবুর রহমান।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে