ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বিমা খাতের সংস্কারে নতুন উদ্যোগ

২০২৬ জুন ২৫ ১৭:৩৪:৩৯
বিমা খাতের সংস্কারে নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: দেশের বিমা খাতে জনআস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং দীর্ঘদিন ধরে চলমান বিভিন্ন সংকট মোকাবিলায় বিশেষ সহায়তা বা ‘ওয়ান-টাইম’ বেলআউট প্যাকেজ দেওয়ার সম্ভাবনা বিবেচনার আশ্বাস দিয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নবনিযুক্ত চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন। পাশাপাশি তিনি বিমা খাতকে প্রযুক্তিনির্ভর ও অধিকতর জবাবদিহিমূলক করতে ডিজিটাল রূপান্তর এবং রিয়েল-টাইম তথ্যভিত্তিক তদারকি ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীতে দেশের জীবন বিমা কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) সঙ্গে অনুষ্ঠিত এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় বিমা দাবি নিষ্পত্তি, খাতে জনআস্থা পুনরুদ্ধার, ডিজিটাল রূপান্তর, নতুন বিমা পণ্য উদ্ভাবন, ঝুঁকিভিত্তিক তদারকি ব্যবস্থা এবং নিয়ন্ত্রক সংস্কারসহ খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় অংশ নেওয়া জীবন বিমা কোম্পানিগুলোর প্রতিনিধিরা জানান, কয়েকটি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে বিমা দাবির অর্থ পরিশোধে জটিলতা ও বিলম্ব দেখা দেওয়ায় পুরো বিমা খাতের প্রতি সাধারণ মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে আর্থিক সংকটে থাকা কিছু প্রতিষ্ঠানের দাবি পরিশোধে অক্ষমতা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেন।

এ পরিস্থিতিতে জীবন বিমা কোম্পানিগুলোর এমডিরা ব্যাংক খাতের মতো বিমা শিল্পের জন্যও একটি বিশেষ সহায়তা বা বেলআউট প্যাকেজ চালুর প্রস্তাব দেন। এর জবাবে আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন বলেন, বিমা খাতের বিদ্যমান সংকট মোকাবিলায় একটি ‘ওয়ান-টাইম’ সহায়তা প্যাকেজ দেওয়ার সম্ভাবনা তিনি বিবেচনা করবেন। তবে এ ধরনের সহায়তা কার্যকর করতে হলে ভবিষ্যতে একই ধরনের সংকট যেন পুনরায় সৃষ্টি না হয়, সে বিষয়ে শিল্পখাতকে কার্যকর পদক্ষেপ গ্রহণের নিশ্চয়তা দিতে হবে।

তিনি বলেন, বর্তমানে বিমা খাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জনআস্থা পুনরুদ্ধার। এজন্য সময়মতো বিমা দাবি পরিশোধ নিশ্চিত করা, সুশাসন প্রতিষ্ঠা করা এবং কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও পরিচালনা পর্ষদের জবাবদিহি বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।

সভায় বিমা খাতের ডিজিটাল রূপান্তরের বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এ প্রসঙ্গে আইডিআরএ চেয়ারম্যান জানান, ভবিষ্যতে রিয়েল-টাইম তথ্যভিত্তিক তদারকি ব্যবস্থা চালু করা হবে। তিনি বলেন, নিরাপদ, আধুনিক ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মাধ্যমে তথ্য সংরক্ষণ এবং তথ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে, যাতে নিয়ন্ত্রক সংস্থা দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত নিতে পারে।

এছাড়া বিমা পলিসির ল্যাপস বা ঝরে পড়ার হার কমিয়ে আনার লক্ষ্যে কমিশন কাঠামোর সংস্কার, অ্যাকচুয়ারিয়াল সক্ষমতা বৃদ্ধি, ঝুঁকি ব্যবস্থাপনার উন্নয়ন এবং তাকাফুলসহ নতুন ও উদ্ভাবনী বিমা পণ্য বাজারে চালুর বিষয়েও সভায় মতবিনিময় হয়।

মীর নাদিয়া নিভিন আরও জানান, আইডিআরএ বর্তমানে প্রচলিত কমপ্লায়েন্সভিত্তিক নিয়ন্ত্রণ পদ্ধতি থেকে বেরিয়ে এসে রিস্ক-বেইজড সুপারভিশন (আরবিএস) চালুর উদ্যোগ নিয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে রিয়েল-টাইম তথ্য, ঝুঁকি বিশ্লেষণ এবং মূল্যায়নের ভিত্তিতে আরও কার্যকর ও আধুনিক তদারকি নিশ্চিত করা সম্ভব হবে।

সভা শেষে তিনি বলেন, বিমা শিল্পের টেকসই উন্নয়নের জন্য নিয়ন্ত্রক সংস্থা এবং শিল্পখাতের মধ্যে একটি কার্যকর ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন। এ লক্ষ্য বাস্তবায়নে আগামী কয়েক সপ্তাহের মধ্যে তিনি পৃথকভাবে প্রতিটি জীবন বিমা কোম্পানির সঙ্গে বৈঠক করবেন এবং তাদের সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।

সভায় আইডিআরএর সদস্যবৃন্দ ছাড়াও দেশের বিভিন্ন জীবন বিমা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে