ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বিএসইসির ব্যাখ্যার পর বাজারে স্বস্তি, টানা উত্থানে শেষ হলো সপ্তাহ

২০২৬ জুন ২৫ ১৪:৫৯:২৬
বিএসইসির ব্যাখ্যার পর বাজারে স্বস্তি, টানা উত্থানে শেষ হলো সপ্তাহ

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতার মধ্য দিয়ে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষ হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন এবং অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে।

বাজারসংশ্লিষ্টদের মতে, একদিনের অস্বাভাবিক সূচক পতনের ঘটনায় বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা অনিশ্চয়তা ও দ্বিধা তৈরি হয়েছিল। তবে গত মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ওই পতনের কারণ ব্যাখ্যা করার পর বাজারে আস্থা ফিরে আসতে শুরু করে। এর পরদিন বুধবার থেকে বাজার পুনরায় ঊর্ধ্বমুখী ধারায় ফেরে এবং সেই ধারাবাহিকতা বজায় থাকে বৃহস্পতিবারের লেনদেনেও। ফলে বিনিয়োগকারীদের অংশগ্রহণ ও আগ্রহ বাড়তে দেখা গেছে, যার প্রতিফলন ঘটেছে সার্বিক লেনদেন চিত্রে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৫ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৫২ দশমিক ৮২ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ৩ দশমিক ৩৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১ হাজার ১৪৩ দশমিক ৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া ব্লু-চিপ কোম্পানিগুলোর সমন্বয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৩ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩১ দশমিক ১৫ পয়েন্টে পৌঁছেছে।

এদিন ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৭৫টির দর বৃদ্ধি পেয়েছে, ৬৮টির দর কমেছে এবং ৫৪টির দর অপরিবর্তিত ছিল।

লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্য হারে বেড়েছে। বৃহস্পতিবার ডিএসইতে মোট ১ হাজার ১১০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে যার পরিমাণ ছিল ৯৪০ কোটি ২১ লাখ টাকা। সে হিসাবে একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ১৭০ কোটি ৫৩ লাখ টাকা।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। এদিন সিএসইতে মোট ৯৮ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যেখানে আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৫৮ কোটি ৮০ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হওয়া ২৪০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩৩টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে ৬৯টির দর কমেছে এবং ৩৮টির দর অপরিবর্তিত রয়েছে।

সূচকের দিক থেকেও উত্থান অব্যাহত ছিল। সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ২৯ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১৪৯ দশমিক ২৯ পয়েন্টে অবস্থান করছে। আগের কার্যদিবসে সূচকটি ৫ দশমিক ৪১ পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল।

সার্বিকভাবে সূচক, লেনদেন এবং অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর বৃদ্ধির মধ্য দিয়ে বিনিয়োগকারীদের আস্থা ও অংশগ্রহণের ইতিবাচক প্রতিফলন দেখা গেছে সপ্তাহের শেষ দিনের শেয়ারবাজারে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে