ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ম্যালেক স্পিনিংয়ের সহযোগী প্রতিষ্ঠানের মূলধন বৃদ্ধি অনুমোদন

২০২৬ জুন ২৫ ১১:৩৭:২১
ম্যালেক স্পিনিংয়ের সহযোগী প্রতিষ্ঠানের মূলধন বৃদ্ধি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ম্যালেক স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ তাদের শতভাগ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান নিউএশিয়া সিনথেটিকস লিমিটেডের পরিশোধিত মূলধন বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্য অনুযায়ী, ২৪ জুন ২০২৬ অনুষ্ঠিত এমএসএমের পরিচালনা পর্ষদের সভায় এনএসএলের পরিচালনা পর্ষদ কর্তৃক গৃহীত মূলধন বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করা হয়। প্রস্তাব অনুযায়ী, এনএসএলের বিদ্যমান ৬৬ কোটি টাকা পরিশোধিত মূলধন বাড়িয়ে ৯০ কোটি টাকায় উন্নীত করা হবে। এর ফলে প্রতিষ্ঠানটির মোট পরিশোধিত মূলধন দাঁড়াবে ৯০ লাখ সাধারণ শেয়ার, যার প্রতিটির অভিহিত মূল্য ১০০ টাকা।

উত্তোলিত অতিরিক্ত অর্থ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নতুন জমি ক্রয়, আনুষঙ্গিক বিনিয়োগ, অন্যান্য করপোরেট প্রয়োজন এবং এনএসএলের বিভিন্ন দায়-দায়িত্ব পরিশোধে ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে।

এনএসএলের পরিচালনা পর্ষদ মূলধন বৃদ্ধির অংশ হিসেবে এমএসএমকে তাদের বিদ্যমান মালিকানা অনুপাতে অতিরিক্ত ২৩ কোটি ৮৩ লাখ ৩ হাজার ২০০ টাকার শেয়ার গ্রহণের প্রস্তাব দিয়েছে। ম্যালেক স্পিনিংয়ের পরিচালনা পর্ষদও এ প্রস্তাবে সম্মতি জানিয়েছে। এর ফলে এনএসএলে এমএসএমের মালিকানার হার অপরিবর্তিত থেকে ৯৯ দশমিক ২৯৩ শতাংশ থাকবে।

কোম্পানিটি জানিয়েছে, সহযোগী প্রতিষ্ঠানের নতুন শেয়ার সাবস্ক্রিপশনের জন্য প্রয়োজনীয় অর্থ এমএসএমের নিজস্ব অভ্যন্তরীণ তহবিল থেকে সরবরাহ করা হবে।

পর্ষদের মতে, এনএসএলের প্রস্তাবিত মূলধন পুনর্গঠন, ঋণ দায় পরিশোধ, অতিরিক্ত জমি অধিগ্রহণ এবং আনুষঙ্গিক বিনিয়োগ কার্যক্রম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক শৃঙ্খলা জোরদার করার পাশাপাশি কার্যক্রমকে আরও অর্থনৈতিক ও দক্ষভাবে পরিচালনায় সহায়ক হবে।

কোম্পানি আরও উল্লেখ করেছে, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কাছ থেকে গ্যাস সরবরাহ নিশ্চিত না হওয়ায় এনএসএলের প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল। ২০১০ সালের ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত এমএসএমের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে প্রকল্পটি স্থগিত থাকলেও ভৌগোলিক সংযুক্ততা, অবস্থানগত সুবিধা এবং নিরাপত্তাজনিত কৌশলগত বিবেচনায় এনএসএলকে পূর্বচুক্তিবদ্ধ কিছু গুরুত্বপূর্ণ জমি ক্রয় কার্যক্রম অব্যাহত রাখতে হয়েছে। ফলে ভবিষ্যতে প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতির অংশ হিসেবে অতিরিক্ত অর্থায়নের প্রয়োজন দেখা দিয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে