ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প

২০২৬ জুন ২৫ ১০:১১:৫১
৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক: ভেনেজুয়েলায় এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার (২৪ জুন) সন্ধ্যায় দেশটির বিভিন্ন অঞ্চলে এসব ভূমিকম্প অনুভূত হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২। এর কেন্দ্রস্থল ছিল কারাবোবো অঙ্গরাজ্যে, রাজধানী কারাকাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, প্রথম কম্পনের ৩৯ সেকেন্ড পর ৭.৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি।

তবে ইউএসজিএসের প্রাথমিক মূল্যায়নে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে। সংস্থাটির মডেল অনুযায়ী, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বড় ধরনের মানবিক সংকটের আশঙ্কা রয়েছে।

রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় প্রবল কম্পন অনুভূত হয়েছে। স্থানীয় সূত্রগুলো কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর দিয়েছে। কিছু এলাকায় জ্বালানি ও অন্যান্য সেবা ব্যাহত হওয়ার তথ্যও পাওয়া গেছে।

পরিস্থিতি মোকাবিলায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বাসিন্দাদের ক্ষতিগ্রস্ত ভবন ও বাড়িঘর থেকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

কর্তৃপক্ষ সম্ভাব্য আফটারশকের বিষয়ে সতর্কতা জারি করে জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে