ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

পে-স্কেল বাস্তবায়নে নতুন মোড়

২০২৬ জুন ২৩ ০৯:৫৫:২০
পে-স্কেল বাস্তবায়নে নতুন মোড়

নিজস্ব প্রতিবেদক: নতুন জাতীয় বেতন কাঠামো (পে-স্কেল) বাস্তবায়নের ক্ষেত্রে নিম্ন গ্রেডের কর্মচারীদের তুলনামূলক বেশি বেতন বৃদ্ধির বিষয়টি বিবেচনা করছে সরকার। উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে ১০ম থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের অগ্রাধিকার দেওয়ার প্রস্তাব আলোচনায় রয়েছে। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সরকারি সূত্র জানিয়েছে, ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধির হার ১ম থেকে ৯ম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের তুলনায় বেশি হতে পারে।

মন্ত্রিসভার এক প্রতিমন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে জানান, ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যে ঘোষণা দিয়েছেন, তার আলোকে তিন অর্থবছরে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, উচ্চ মূল্যস্ফীতির কারণে নিম্ন আয়ের কর্মচারীদের ওপর ব্যয়ের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাই প্রথম ধাপেই তাদের জন্য বেশি বেতন বৃদ্ধির পক্ষে মত দিয়েছেন মন্ত্রিসভার সদস্যরা।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে নতুন ও বিদ্যমান বেতন কাঠামোর পার্থক্যের ৫০ শতাংশ করে দুই অর্থবছরে মূল বেতন সমন্বয় এবং শেষ অর্থবছরে ভাতা বৃদ্ধির অংশ বাস্তবায়নের চিন্তা ছিল।

তবে আলোচনায় থাকা নতুন প্রস্তাব অনুযায়ী, ১ম থেকে ৯ম গ্রেডের জন্য নির্ধারিত বেতন বৃদ্ধির ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের জন্য ৬০ শতাংশ প্রথম বছরেই কার্যকর করা হতে পারে। যদিও বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।

জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে গঠিত জাতীয় বেতন কমিশন-২০২৫ গত ২১ জানুয়ারি তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়। কমিশন বিভিন্ন গ্রেডে ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করেছে।

সরকারি কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, কমিশনের সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন করতে অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে।

এদিকে বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য পৃথক বেতন কমিশনও তাদের সুপারিশ জমা দিয়েছে। এসব সুপারিশ পর্যালোচনার জন্য গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে