ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬

সোনার দামে বড় ধাক্কা, নতুন দর জানাল বাজুস

২০২৬ জুন ২২ ১১:২৩:৫২
সোনার দামে বড় ধাক্কা, নতুন দর জানাল বাজুস

নিজস্ব প্রতিবেদক: টানা দুই দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ৪ হাজার ৪৩২ টাকা বৃদ্ধি করে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২২ জুন) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন মূল্য একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুসের ভাষ্য, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী—

• ২২ ক্যারেট সোনা: প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা

• ২১ ক্যারেট সোনা: প্রতি ভরি ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা

• ১৮ ক্যারেট সোনা: প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা

• সনাতন পদ্ধতির সোনা: প্রতি ভরি ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা

বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজ অনুযায়ী মজুরি যোগ হবে। এছাড়া স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এর আগে গত ২০ জুন সোনার দাম সমন্বয় করে প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম মোট ৭৯ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪০ বার দাম বেড়েছে, ৩৮ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

অন্যদিকে, দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপা প্রতি ভরি ৫ হাজার ২৪৯ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৬ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ২০৮ টাকায় বিক্রি হচ্ছে।

বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে মূল্য ওঠানামা এবং স্থানীয় বাজারে কাঁচা সোনার দামের পরিবর্তনের প্রভাবেই দেশের স্বর্ণবাজারে ঘন ঘন মূল্য সমন্বয় দেখা যাচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে