ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬

অবশেষে কারামুক্ত অধ্যাপক আবুল বারকাত

২০২৬ জুন ২১ ১০:৫৬:০৮
অবশেষে কারামুক্ত অধ্যাপক আবুল বারকাত

নিজস্ব প্রতিবেদক: জুলাই আন্দোলনের সময় রাজধানীর নীলক্ষেত এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় জামিন পাওয়ার পর কারামুক্ত হয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবুল বারকাত।

গত বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। রবিবার (২১ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন কারা অধিদপ্তরের এআইজি (মিডিয়া) জান্নাতুল ফরহাদ।

তিনি জানান, আদালতের আদেশ কারাগারে পৌঁছানোর পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আবুল বারকাতকে মুক্তি দেওয়া হয়।

এর আগে গত ১৬ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে ৫ হাজার টাকা বন্ডে তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

মামলার শুনানিতে আবুল বারকাতের আইনজীবী তার বয়স ও শারীরিক অসুস্থতার বিষয় তুলে ধরে জামিন আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে।

গত ১৪ জুন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে জনতা ব্যাংকের ঋণসংক্রান্ত একটি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে ছিলেন।

গত ৭ জুন আপিল বিভাগ থেকে দুদকের মামলায় পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিন পেলেও হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হওয়ায় তিনি মুক্তি পাননি। সর্বশেষ এই মামলায়ও জামিন পাওয়ায় তার মুক্তিতে আর কোনো আইনি বাধা থাকেনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই নীলক্ষেত এলাকায় কোটা সংস্কার আন্দোলন চলাকালে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তৎকালীন প্রধানমন্ত্রীসহ ১৩০ জনকে আসামি করা হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে