ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

শেয়ারবাজার গতিশীল করতে নতুন কোম্পানি আনার জোর উদ্যোগ

২০২৬ জুন ১৮ ২২:০৮:০০
শেয়ারবাজার গতিশীল করতে নতুন কোম্পানি আনার জোর উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারকে আরও কার্যকর ও গতিশীল করে তুলতে এবং দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ সম্প্রসারণে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) মধ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিএসইসি ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে বিএপিএলসির একটি প্রতিনিধিদল কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বিভিন্ন বাজার-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করে।

আলোচনায় দেশের শিল্প ও করপোরেট খাতের দীর্ঘমেয়াদি মূলধনের চাহিদা পূরণে শেয়ারবাজারের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে আর্থিকভাবে শক্তিশালী ও সুশাসনসম্পন্ন প্রতিষ্ঠানগুলোকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়েও মতামত উঠে আসে।

বিএপিএলসির পক্ষ থেকে নতুন ও সম্ভাবনাময় কোম্পানিগুলোর শেয়ারবাজারে আসার পথে বিদ্যমান আইনি ও প্রক্রিয়াগত জটিলতা দূর করতে কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপন করা হয়। জবাবে বিএসইসি সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেয়।

প্রতিনিধিদল আরও জানায়, নতুন কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ও তালিকাভুক্তি প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা রয়েছে, যা দ্রুত চিহ্নিত করে সমাধান করা জরুরি। এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার সক্রিয় ভূমিকা কামনা করেন তারা।

বিএসইসির নেতৃত্ব বৈঠকে উল্লেখ করেন, শেয়ারবাজারে নতুন ও মানসম্মত কোম্পানির অংশগ্রহণ বৃদ্ধি ছাড়া বাজারের গভীরতা ও গতিশীলতা বাড়ানো সম্ভব নয়। এ কারণে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে কমিশন আন্তরিকভাবে কাজ করে যাবে বলেও আশ্বাস দেওয়া হয়।

সভায় বিএসইসির পক্ষে উপস্থিত ছিলেন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তানভীর হাবিব রহমান, কমিশনার নাহিদ মাহতাব, কমিশনার মো. নাফিজ আল তারিকসহ সংস্থাটির নির্বাহী পরিচালক, পরিচালক এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অন্যদিকে বিএপিএলসির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি এবং ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ। এছাড়া সংগঠনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ ও সেক্রেটারি জেনারেল মো. আমজাদ হোসেন আলোচনায় অংশ নেন।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে