ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

ফল প্রকাশের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

২০২৬ জুন ১৮ ১৫:৪৪:১৮
ফল প্রকাশের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, এবারের এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং কোনো ধরনের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার খাতা মূল্যায়নসহ ফলাফল প্রস্তুতের কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই শিক্ষার্থীরা তাদের ফলাফল হাতে পাবে। তিনি দাবি করেন, সরকারের কঠোর নজরদারি ও সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টার কারণে এবার প্রশ্নপত্র ফাঁস ছাড়াই এসএসসি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, শহর ও গ্রামের শিক্ষার মধ্যে বিদ্যমান বৈষম্য কমিয়ে আনতে সরকার শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। শুধু পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা নয়, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে খেলাধুলা, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে ক্রীড়া ও সাংস্কৃতিক শিক্ষাকে বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মাহদী আমিন আরও জানান, আগামী ২০ জুন রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

উল্লেখ্য, এসএসসি ও সমমানের পরীক্ষা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষাগুলোর একটি। প্রতি বছর লাখো শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয় এবং ফলাফলের ভিত্তিতেই তারা উচ্চমাধ্যমিক পর্যায়ে ভর্তি হওয়ার সুযোগ পায়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে