ঢাকা, বুধবার, ১০ জুন ২০২৬

কর্মকর্তার ল্যাপটপ উধাও, সচিবালয়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ

২০২৬ জুন ১০ ১০:৩৫:৫০
কর্মকর্তার ল্যাপটপ উধাও, সচিবালয়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি দপ্তর থেকে এক কর্মকর্তার ব্যবহৃত ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে মন্ত্রণালয়ের ১৬ তলায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খান শাকিলের একান্ত সচিব মো. ইমামুল হাফিজ নাদিমের ব্যবহৃত এইচপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ চুরি হয়।

সূত্র জানায়, দুপুরে তিনি কয়েক মিনিটের জন্য অন্য একটি কক্ষে গেলে ফিরে এসে টেবিলে রাখা ল্যাপটপটি খুঁজে পাননি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও তল্লাশি চালানো হলেও সেটি উদ্ধার করা সম্ভব হয়নি।

নিরাপত্তা কর্মীরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে খয়েরি রঙের শার্ট ও ধূসর প্যান্ট পরিহিত এক ব্যক্তিকে কালো ব্যাগসহ দপ্তর এলাকা ত্যাগ করতে দেখেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তির সঙ্গে ঘটনার সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি।

সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, চুরি হওয়া ল্যাপটপে দাপ্তরিক গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা জানান, ভবনের ১৬ তলায় দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থায় দুর্বলতা রয়েছে। এতে গুরুত্বপূর্ণ দপ্তরগুলো নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে।

প্রবাসী কল্যাণ ভবনের নিরাপত্তা ইনচার্জ পিসি আশরাফুল আলম বলেন, ঘটনার পরপরই উপস্থিত ব্যক্তিদের ব্যাগ তল্লাশি করা হয়েছে। তবে সীমিত জনবলের কারণে নিরাপত্তা কার্যক্রম পরিচালনায় চ্যালেঞ্জ রয়েছে। বর্তমানে পুরো ভবনে ২২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

ঘটনার বিষয়ে মো. ইমামুল হাফিজ নাদিমের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সজীব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে