ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

২০২৬ জুন ০৪ ১৪:৫৮:৫৪
বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন করপোরেট ব্যক্তিত্ব মাসুদ খান।

বৃহস্পতিবার (৪ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পুঁজিবাজার-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। উপসচিব ফারজানা জাহান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে মাসুদ খানকে চার বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা ৫(২) অনুসারে তার নিয়োগ কার্যকর হবে এবং বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে।

বর্তমানে মাসুদ খান বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ক্রাউন সিমেন্ট পিএলসির গ্রুপ সিইও এবং পরিচালনা পর্ষদের প্রধান উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

চার দশকেরও বেশি সময়ের পেশাগত জীবনে তিনি দেশের ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে লাফার্জ হোলসিম বাংলাদেশে দীর্ঘ ১৮ বছর প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হিসেবে দায়িত্ব পালন এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর বিভিন্ন পদে দেশে-বিদেশে প্রায় ২০ বছরের কর্মঅভিজ্ঞতা।

এ ছাড়া তিনি সিঙ্গার বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক এবং অডিট কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এর আগে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং সংস্থাটির চার কমিশনার পদত্যাগ করেন। বৃহস্পতিবার সকালে তারা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দেন।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র জানিয়েছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা পদত্যাগ করেন।

পদত্যাগ করা চার কমিশনার হলেন—মহসিন চৌধুরী, আলী আকবর, ফারজানা লালারুখ এবং সাইফউদ্দিন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে