ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নির্বাচিত হলো নতুন ৫ দেশ

২০২৬ জুন ০৪ ১১:২১:২৩
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নির্বাচিত হলো নতুন ৫ দেশ

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে শুরু হওয়া দুই বছরের মেয়াদের জন্য পাঁচটি নতুন দেশ নির্বাচিত হয়েছে। দেশগুলো হলো অস্ট্রিয়া, কিরগিজস্তান, পর্তুগাল, ত্রিনিদাদ ও টোবাগো এবং জিম্বাবুয়ে।

বুধবার (৩ জুন) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গোপন ভোটাভুটির মাধ্যমে সদস্য দেশগুলো তাদের নির্বাচিত করে। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় অঞ্চলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে জার্মানিকে পরাজিত করে অস্ট্রিয়া ও পর্তুগাল নিরাপত্তা পরিষদের সদস্যপদ অর্জন করে। অন্যদিকে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ফিলিপাইনকে হারিয়ে নির্বাচিত হয় কিরগিজস্তান।

ত্রিনিদাদ ও টোবাগো এবং জিম্বাবুয়ে নিজ নিজ আঞ্চলিক গ্রুপ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।

নতুন নির্বাচিত দেশগুলো বর্তমানে দায়িত্ব পালনরত পাকিস্তান, সোমালিয়া, পানামা, গ্রিস এবং ডেনমার্কের স্থলাভিষিক্ত হবে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মোট ১৫টি সদস্য দেশ রয়েছে। এর মধ্যে পাঁচটি দেশ স্থায়ী সদস্য এবং বাকি ১০টি দেশ নির্দিষ্ট মেয়াদের জন্য অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়। প্রতি বছর পাঁচটি অস্থায়ী সদস্যের মেয়াদ শেষ হলে নতুন পাঁচটি দেশ নির্বাচিত হয়।

এদিকে নিরাপত্তা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার একদিন আগে জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের সমন্বয়ে গঠিত সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নির্বাচিত হয়েছেন। আগামী সেপ্টেম্বর থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে