ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬

প্রথম প্রান্তিকে আরও ৩১ হাজার কোটি টাকা খেলাপি, চাপে ব্যাংকিং খাত

২০২৬ জুন ০৩ ১১:২৬:৫৫
প্রথম প্রান্তিকে আরও ৩১ হাজার কোটি টাকা খেলাপি, চাপে ব্যাংকিং খাত

নিজস্ব প্রতিবেদক : দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ চলতি বছরের প্রথম প্রান্তিকে উল্লেখযোগ্য হারে বেড়েছে। মাত্র তিন মাসের ব্যবধানে ব্যাংকগুলোর খেলাপি ঋণ ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা বৃদ্ধি পেয়ে মার্চ শেষে ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকায় পৌঁছেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত দেশের ৬১টি তফসিলি ব্যাংকের মোট ঋণ ও অগ্রিমের পরিমাণ ছিল প্রায় ১৮ লাখ ২৪ হাজার ৬৬৮ কোটি টাকা। এর মধ্যে ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা শ্রেণিকৃত বা খেলাপি ঋণ হিসেবে চিহ্নিত হয়েছে। ফলে মোট ঋণের বিপরীতে খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ৩২ দশমিক ২৬ শতাংশে।

এর আগে ২০২৫ সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা, যা মোট ঋণের ৩০ দশমিক ৬০ শতাংশ। সে হিসাবে চলতি বছরের প্রথম তিন মাসেই খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা এবং খেলাপি ঋণের হার বেড়েছে ১ দশমিক ৬৬ শতাংশ পয়েন্ট।

প্রতিবেদনে আরও দেখা গেছে, ব্যাংকগুলোর মধ্যে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোতেই খেলাপি ঋণের চাপ সবচেয়ে বেশি। মার্চ শেষে এসব ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৭৮৪ কোটি টাকা, যা তাদের মোট বিতরণ করা ঋণের ৪৫ দশমিক ৮৫ শতাংশ।

বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ১৬ হাজার ৪৮১ কোটি টাকা। এ খাতে খেলাপি ঋণের হার ৩০ দশমিক ১১ শতাংশ।

অন্যদিকে, দেশে কার্যরত বিদেশি ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ ৩ হাজার ২৬২ কোটি টাকা, যা তাদের মোট ঋণের ৪ দশমিক ৮২ শতাংশ। আর বিশেষায়িত ব্যাংকগুলোর খেলাপি ঋণ ১৯ হাজার ১৭৪ কোটি টাকা, যা মোট ঋণের ৪০ দশমিক ৭২ শতাংশের সমান।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, খেলাপি ঋণের ধারাবাহিক ঊর্ধ্বগতি দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে উঠছে। বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংকগুলোতে উচ্চমাত্রার খেলাপি ঋণ সামগ্রিক আর্থিক খাতের ঝুঁকি বাড়াচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে