ঢাকা, মঙ্গলবার, ২ জুন ২০২৬

মায়ের প্রেমিকের নির্যাতনে দেড় বছরের শিশুর মৃত্যু

২০২৬ জুন ০২ ১৬:৫৬:১১
মায়ের প্রেমিকের নির্যাতনে দেড় বছরের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ভারতের কেরালায় দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় তার মায়ের লিভ-ইন সঙ্গীকে প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে দীর্ঘদিনের শারীরিক নির্যাতনের অভিযোগ উঠে এসেছে। এ ঘটনায় শিশুটির মাকেও আটক করা হয়েছে।

গত ২৯ মে কেরালার পানাভুর এলাকায় অসুস্থ অবস্থায় শিশু আরশিদকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে শ্রী অবিতোম তিরুনাল (এসএটি) হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে শিশুটির গলায় খাবার আটকে যাওয়ার কথা বলা হলেও পরিবারের সদস্যদের সন্দেহের পর পুলিশ তদন্ত শুরু করে। ময়নাতদন্তের প্রতিবেদনে শিশুটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায় এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়।

পুলিশ জানায়, ৩০ মে রাতে শিশুটির মা আখিলা (২১) এবং তার লিভ-ইন সঙ্গী আশকারকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করলে তাদের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়।

তদন্তকারীদের দাবি, জিজ্ঞাসাবাদে আশকার শিশুটির ওপর দীর্ঘদিন ধরে নির্যাতনের কথা স্বীকার করেছেন। তিনি শিশুটিকে নিজের ব্যক্তিগত জীবনের প্রতিবন্ধক হিসেবে দেখতেন বলেও পুলিশকে জানিয়েছেন।

অন্যদিকে, পুলিশের কাছে দেওয়া বক্তব্যে আখিলা স্বীকার করেছেন যে, তিনি শিশুর ওপর নির্যাতনের ঘটনা সম্পর্কে অবগত ছিলেন। তবে সন্তানকে রক্ষায় কার্যকর কোনো পদক্ষেপ নেননি বলে অভিযোগ রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং শিশু নির্যাতন ও হত্যার অভিযোগে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শিশুটির বাবা প্রায় দুই বছর আগে মারা যান। একই সঙ্গে অভিযুক্ত আশকারের বিরুদ্ধে অতীতেও পারিবারিক সহিংসতার অভিযোগ ছিল বলে তদন্তে উঠে এসেছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে