ঢাকা, সোমবার, ১ জুন ২০২৬

ঈদ-পরবর্তী প্রথম কার্যদিবসে ইতিবাচক শেয়ারবাজার

২০২৬ জুন ০১ ১৪:৫৩:১৮
ঈদ-পরবর্তী প্রথম কার্যদিবসে ইতিবাচক শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক: ঈদের আগে টানা পাঁচ কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসেও সেই ইতিবাচক প্রবণতা ধরে রেখেছে দেশের শেয়ারবাজার। সোমবার (১ জুন) লেনদেন শেষে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি সূচক বেড়েছে। একই সঙ্গে টাকার অঙ্কে লেনদেন বৃদ্ধি পেয়েছে এবং লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দামও বেড়েছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা কাটিয়ে ঈদের আগেই বাজারে উত্থান ফিরে আসে। ঈদের আগে শেষ পাঁচ কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক প্রায় ১৩৩ পয়েন্ট বৃদ্ধি পায়। সেই ধারাবাহিকতায় ঈদের পরও বাজার ইতিবাচক অবস্থানে রয়েছে।

তাদের মতে, এখনও অনেক বিনিয়োগকারী ঈদের ছুটি কাটিয়ে পুরোপুরি কর্মস্থলে ফিরতে পারেননি। এছাড়া কোরবানির ঈদ-পরবর্তী সময়ে অনেকের হাতে বিনিয়োগের জন্য পর্যাপ্ত নগদ অর্থও নেই। তারপরও বাজারে উত্থান অব্যাহত থাকা বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে সহায়ক হবে এবং বাজারকে আরও স্থিতিশীল অবস্থানে নিয়ে যেতে পারে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৬ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৭২ দশমিক ৬৩ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ৪ দশমিক ০২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১ হাজার ৮৬ দশমিক ৪১ পয়েন্টে পৌঁছেছে। একই সময়ে ব্লু-চিপ সূচক ডিএসই-৩০ বেড়েছে ১৩ দশমিক ৭০ পয়েন্ট, যা দিন শেষে ২ হাজার ৪৪ দশমিক ৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে মোট ৩৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ১৭৯টির দাম বেড়েছে, ১৫২টির কমেছে এবং ৫৫টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের পরিমাণেও উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে। সোমবার ডিএসইতে মোট ৯১২ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের ৭৭৮ কোটি ৭১ লাখ টাকার তুলনায় প্রায় ১৩৩ কোটি ৬৭ লাখ টাকা বেশি।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। এদিন সিএসইতে ২৪ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে যার পরিমাণ ছিল ২১ কোটি ৮০ লাখ টাকা।

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৮৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৮টির শেয়ার ও ইউনিটদর বেড়েছে, ৫৫টির কমেছে এবং ১৪টির দর অপরিবর্তিত ছিল।

দিন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৬১ দশমিক ০২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৯৭০ দশমিক ৭৬ পয়েন্টে উন্নীত হয়েছে। আগের কার্যদিবসেও সূচকটি ৭০ দশমিক ৮২ পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল।

সার্বিকভাবে ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসেই দেশের দুই শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশাবাদ তৈরি করেছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে