ঢাকা, বুধবার, ১৩ মে ২০২৬

টিন ছাড়া মিলবে না ৪০ ধরনের সেবা

২০২৬ মে ১৩ ১৭:৪৩:২৪
টিন ছাড়া মিলবে না ৪০ ধরনের সেবা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে কর শনাক্তকরণ নম্বর বা টিন (টিআইএন) এখন শুধু আয়কর দেওয়ার পরিচয়পত্র নয়—বরং চাকরি, ব্যবসা, ব্যাংকিং, সম্পত্তি নিবন্ধনসহ নানা গুরুত্বপূর্ণ সেবার ক্ষেত্রে এটি প্রায় অপরিহার্য হয়ে উঠেছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে টিনধারীর সংখ্যা প্রায় ১ কোটি ২০ লাখ। তবে চলতি বছরে আয়কর রিটার্ন জমা দিয়েছেন প্রায় সাড়ে ৪২ লাখ করদাতা।

টিন (টিআইএন) হলো করদাতার একটি স্বতন্ত্র শনাক্তকরণ নম্বর, যার মাধ্যমে এনবিআর নাগরিকের আয়, কর পরিশোধ ও আর্থিক কার্যক্রম পর্যবেক্ষণ করে।

বর্তমানে প্রায় ৪০ ধরনের সেবা ও কার্যক্রমে টিন বাধ্যতামূলক করা হয়েছে। ফলে বিভিন্ন প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে টিন থাকা অনেক ক্ষেত্রে বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে।

সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে মূল বেতন ১৬ হাজার টাকার বেশি হলে টিন থাকতে হয়। বেসরকারি খাতের ব্যবস্থাপনা ও প্রশাসনিক পর্যায়ের কর্মীদের পাশাপাশি চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী ও হিসাবরক্ষকদের ক্ষেত্রেও টিন বাধ্যতামূলক।

ব্যবসা শুরু, ট্রেড লাইসেন্স গ্রহণ বা নবায়নের জন্য টিন প্রয়োজন। সিটি করপোরেশন ও পৌরসভা থেকে লাইসেন্স গ্রহণেও এটি বাধ্যতামূলক। পাশাপাশি মোবাইল ব্যাংকিং, পরিবেশক এজেন্সি ও বিভিন্ন সেবামূলক ব্যবসায় টিন ব্যবহার করা হয়।

জমি বা ফ্ল্যাট নিবন্ধন, গাড়ির নিবন্ধন এবং ফিটনেস নবায়নের ক্ষেত্রেও টিন বাধ্যতামূলক।

ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে পাঁচ লাখ টাকার বেশি ঋণ নিতে এবং ক্রেডিট কার্ড গ্রহণ করতে টিন প্রয়োজন।

এলসি খোলা, রপ্তানি নিবন্ধন সনদ গ্রহণ এবং ক্লিয়ারিং ও ফরওয়ার্ডিং এজেন্ট হিসেবে কাজ করতে টিন বাধ্যতামূলক। পাশাপাশি সরকারি দরপত্রে অংশগ্রহণ এবং স্থানীয় সরকার নির্বাচন বা জাতীয় নির্বাচনে প্রার্থী হতেও টিন প্রয়োজন হয়।

অভিজাত ক্লাবের সদস্যপদ, কোম্পানির পরিচালক বা শেয়ারহোল্ডার হওয়া, এমনকি কিছু ক্ষেত্রে ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তির সময়ও অভিভাবকের টিন নম্বর চাওয়া হয়।

এনবিআরের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সহজেই টিন নিবন্ধন করা যায়।

সংশ্লিষ্টরা বলছেন, নাগরিক ও আর্থিক কার্যক্রমে টিনের ব্যবহার দিন দিন বাড়ছে। তাই ভবিষ্যতের জটিলতা এড়াতে আগে থেকেই টিন নিবন্ধন করে রাখা গুরুত্বপূর্ণ।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে