ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬

প্রধানমন্ত্রীর বক্তব্যে বিতর্ক, ঢাবি অধ্যাপকের পাল্টা বিশ্লেষণে নতুন মোড়!

২০২৬ মে ১২ ১৯:০৫:৫১
প্রধানমন্ত্রীর বক্তব্যে বিতর্ক, ঢাবি অধ্যাপকের পাল্টা বিশ্লেষণে নতুন মোড়!

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে ক্রমাগত পিছিয়ে পড়া নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। শিক্ষক নিয়োগে রাজনৈতিক প্রভাবকে এর একটি বড় কারণ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে বিষয়টি আরও গভীর কাঠামোগত সমস্যার সঙ্গে যুক্ত বলে মন্তব্য করেছেন ঢাবির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান মামুন।

তিনি বলেন, শুধু শিক্ষক নিয়োগেই নয়, এর পেছনের মূল সমস্যা হলো বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) ও প্রোভিসি নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব। তার মতে, যতদিন ভিসি ও প্রোভিসি নিয়োগ রাজনৈতিক বিবেচনায় হবে এবং তারা শিক্ষক নিয়োগ বোর্ডের নেতৃত্বে থাকবেন, ততদিন শিক্ষক নিয়োগে রাজনৈতিক প্রভাব পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়।

অধ্যাপক কামরুল হাসান মামুন আরও বলেন, শিক্ষক নিয়োগে স্বচ্ছতা আনতে হলে ভিসি ও প্রোভিসিকে সরাসরি নিয়োগ বোর্ডের প্রধান না করে আলাদা কাঠামো তৈরি করতে হবে। প্রয়োজনে নিয়োগ প্রক্রিয়াকে কয়েক ধাপে ভাগ করে চূড়ান্ত ইন্টারভিউ পর্যায়ে ভিসি/প্রোভিসির অংশগ্রহণ সীমিত করা যেতে পারে বলে তিনি মত দেন।

তার মতে, শুধু প্রশাসনিক সংস্কার নয়, বিশ্ববিদ্যালয়ে গবেষণার মান উন্নয়নও জরুরি। তিনি বলেন, “যতদিন পর্যন্ত আমরা আন্তর্জাতিক মানের, গবেষণায় সক্ষম শিক্ষক নিয়োগ দিতে না পারব, ততদিন শিক্ষার মান, গবেষণার মান এবং র‌্যাঙ্কিং—কোনোটিই উন্নত হবে না।”

তিনি আরও সমালোচনা করে বলেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে (যেমন HEQEP বা HEAT) বিপুল অর্থ ব্যয় হলেও কাঙ্ক্ষিত ফল আসেনি। বরং এতে অর্থ অপচয় এবং প্রশাসনিক জটিলতা বাড়ার পাশাপাশি অনিয়মের সুযোগ তৈরি হয়েছে বলে তার অভিযোগ।

তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি বক্তব্যের ইতিবাচক দিকও তুলে ধরেন অধ্যাপক মামুন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উন্নয়নে অ্যালামনাইদের যুক্ত করার উদ্যোগ গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিল্প ও ব্যবসা খাতের অ্যালামনাইরা বিশ্ববিদ্যালয়ের গবেষণা, শিক্ষার্থী উন্নয়ন এবং আবাসিক সুবিধা উন্নয়নে ভূমিকা রাখতে পারেন।

এর আগে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র‌্যাঙ্কিং পিছিয়ে পড়ার অন্যতম কারণ অতীতে শিক্ষক নিয়োগ ও পদোন্নতিতে রাজনৈতিক প্রভাব। তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত না হলে বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়ন সম্ভব নয়।

এই বক্তব্য ও পাল্টা বিশ্লেষণের পর ঢাবির প্রশাসনিক কাঠামো, নিয়োগ প্রক্রিয়া এবং উচ্চশিক্ষার মান নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে