ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬

দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

২০২৬ মে ১২ ১৮:০৪:৩১
দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহা উপলক্ষ্যে দেশের মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখার সময়সূচিতে সাময়িক পরিবর্তন আনা হয়েছে। বিদ্যুৎ সংকট মোকাবিলায় আগে যেখানে সারা দেশে রাত ৭টার মধ্যে দোকান বন্ধ রাখার বাধ্যবাধকতা ছিল, সেখানে এখন ঈদকে কেন্দ্র করে সময়সীমা বাড়িয়ে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ মে) থেকে শুরু হওয়া এই সিদ্ধান্ত ঈদের দিন পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্রেতা ও বিক্রেতাদের সুবিধা এবং ঈদের কেনাকাটার চাপ বিবেচনা করে সরকারের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী দোকান মালিক সমিতির আবেদনের প্রেক্ষিতে এই সময় বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে নতুন এই সময়সূচিতে কিছু শর্তও জুড়ে দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখা গেলেও কোনো ধরনের আলোকসজ্জা বা অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা যাবে না। বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি কঠোরভাবে অনুসরণ করতে হবে বলেও জানানো হয়েছে।

এর আগে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে প্রথমে দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ ছিল। পরে সংকট পরিস্থিতির কারণে তা আরও কমিয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত নামিয়ে আনা হয়। তবে ঈদ উপলক্ষ্যে শেষ মুহূর্তের কেনাকাটা সহজ করতে এবার সাময়িকভাবে এই সময় শিথিল করা হলো।

ব্যবসায়ীরা মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে ঈদের আগে কেনাকাটায় ভোক্তাদের ভোগান্তি কমবে এবং বাজারে বেচাকেনাও কিছুটা স্বাভাবিক থাকবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে