ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬

ময়লা বিল নিয়ে বড় ঘোষণা ডিএসসিসির

২০২৬ মে ১২ ১১:৩৬:৫১
ময়লা বিল নিয়ে বড় ঘোষণা ডিএসসিসির

নিজস্ব প্রতিবেদক: বাসাবাড়ি থেকে নির্ধারিত ১০০ টাকার বেশি বর্জ্য সংগ্রহ বিল আদায় এবং নিয়মিত ময়লা অপসারণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট বর্জ্য সংগ্রহকারী ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর (পিসিএসপি) লাইসেন্স বাতিল করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

সোমবার (১১ মে) নগর ভবনের অডিটরিয়ামে বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এক মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

সভায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ এবং নগরীর নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা কার্যকর রাখার বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়।

প্রশাসক বলেন, বিভিন্ন এলাকা থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে যে কিছু প্রতিষ্ঠান নির্ধারিত ১০০ টাকার বেশি বিল আদায় করছে এবং নিয়মিতভাবে ময়লা সংগ্রহ করছে না। এটি কোনোভাবেই বরদাশত করা হবে না।

তিনি আরও জানান, প্রতিটি বাসা থেকে সর্বোচ্চ ১০০ টাকা মাসিক বর্জ্য বিল নির্ধারিত থাকবে এবং তা অবশ্যই রশিদের মাধ্যমে আদায় করতে হবে। অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ প্রমাণিত হলে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে লাইসেন্স বাতিল করা হবে।

সভায় ‘দিনের বর্জ্য দিনে অপসারণ’ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কোনো এলাকায় ময়লা জমে থাকতে দেওয়া হবে না বলেও নির্দেশ দেওয়া হয়।

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বিশেষ পরিচ্ছন্নতা পরিকল্পনার অংশ হিসেবে ঈদের তিন দিন কোনো পরিচ্ছন্নতা কর্মী বা সংশ্লিষ্ট কর্মকর্তা ছুটিতে থাকতে পারবেন না বলে জানানো হয়। প্রতিটি ওয়ার্ড সম্পূর্ণ বর্জ্যমুক্ত না হওয়া পর্যন্ত মাঠে থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

নাগরিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং পরিচ্ছন্নতা কর্মীদের নির্ধারিত পোশাকে দায়িত্ব পালনের নির্দেশনাও দেওয়া হয়।রাস্তা, ড্রেন বা খালে ময়লা ফেলার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রশাসক বলেন, নিয়ম ভঙ্গ করলে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনা শুধু সেবা নয়, এটি একটি সামাজিক ও মানবিক দায়িত্ব। চুক্তির শর্ত ভঙ্গ করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে