ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬

গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে বড় ধাক্কা; নতুন রায় দিল হাইকোর্ট

২০২৬ মে ১১ ১১:২৮:২৪
গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশে বড় ধাক্কা; নতুন রায় দিল হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশের অনৈতিক চর্চা বন্ধে গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি এই রায় দেন। সোমবার (১১ মে) রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে।

রায়ে বলা হয়েছে, অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ নারীর প্রতি বৈষম্য সৃষ্টি করে, কন্যাশিশুর প্রতি অবহেলা বাড়ায় এবং সামাজিক ভারসাম্য নষ্ট করে। এটি সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার নীতির পরিপন্থিও বটে।

আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে এ ধরনের চর্চা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না থাকায় এটি সামাজিক সমস্যা হিসেবে রয়ে গেছে। শুধুমাত্র নীতিমালা থাকলেই হবে না, বরং বাস্তবায়ন ও নজরদারির জন্য শক্তিশালী ব্যবস্থা প্রয়োজন।

রায়ে আরও বলা হয়, নিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে গর্ভকালীন পরীক্ষার তথ্য সংরক্ষণের জন্য একটি কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেজ তৈরি করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরকে আগামী ছয় মাসের মধ্যে এই ব্যবস্থা চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত মন্তব্য করেন, ভ্রূণের লিঙ্গ নির্ধারণের তথ্য ব্যবহার করে অনেক ক্ষেত্রে কন্যাভ্রূণ হত্যার মতো সামাজিক ঝুঁকি তৈরি হয়, যা সংবিধানের সমতা ও জীবনাধিকারের পরিপন্থি।

রায়ে এ নির্দেশনাকে “কনটিনিউয়াস ম্যানডামাস” হিসেবে ঘোষণা করা হয়, যাতে ভবিষ্যতেও আদালত এর বাস্তবায়ন তদারকি করতে পারে।

এ বিষয়ে ২০২০ সালের ২৬ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান একটি রিট আবেদন করেন। পরবর্তীতে দীর্ঘ শুনানি শেষে আদালত এই রায় দেন।

রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত। রিটের পক্ষে আইনজীবী ইশরাত হাসান ও সহযোগী আইনজীবী তানজিলা রহমান অংশ নেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে