ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬

৭ মাসে ব্যাগ বিক্রি করে আড়ংয়ের আয় প্রায় ৩ কোটি

২০২৬ মে ১১ ০৮:৫৮:০৪
৭ মাসে ব্যাগ বিক্রি করে আড়ংয়ের আয় প্রায় ৩ কোটি

নিজস্ব প্রতিবেদক: পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলা এবং একবার ব্যবহারযোগ্য প্যাকেজিং কমানোর উদ্যোগ হিসেবে ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের বিনামূল্যে ব্যাগ দেওয়া বন্ধ করে দেয় হস্ত ও কারুশিল্প প্রতিষ্ঠান আড়ং। সিদ্ধান্তটি নিয়ে শুরুতে ব্যাপক আলোচনা-সমালোচনা হলেও, শেষ পর্যন্ত ব্যাগ বিক্রি করে বিপুল অর্থ আয় করেছে প্রতিষ্ঠানটি।

রোববার (১০ মে) রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত সাত মাসে আড়ং প্রায় ২৩ লাখ ১২ হাজার পেপার ব্যাগ বিক্রি করেছে। এতে প্রতিষ্ঠানটির আয় হয়েছে প্রায় ২ কোটি ৮৯ লাখ ৯০ হাজার ৮১২ টাকা।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগের বছরের একই সময়ে প্রায় ৬৯ লাখ ৯২ হাজার ব্যাগ বিনামূল্যে বিতরণ করা হয়েছিল। সে তুলনায় এবার প্রায় ৪৬ লাখ ৭৯ হাজার ব্যাগের ব্যবহার কমেছে। আড়ংয়ের হিসাবে, এই পরিমাণ ব্যাগ কম ব্যবহারের ফলে প্রায় ছয় হাজার গাছ রক্ষা করা সম্ভব হয়েছে।

ব্যাগ বিক্রি থেকে অর্জিত অর্থের একটি অংশ পরিবেশ ও সামাজিক উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে বলেও জানানো হয়েছে। ব্র্যাকের অতিদরিদ্র উত্তরণ কর্মসূচির আওতায় ৪০০ অতি-দরিদ্র নারীর মধ্যে ৮০০টি মেহগনি ও ফলজ গাছের চারা বিতরণ করা হবে। পাশাপাশি বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর পুনরুদ্ধার ও বাস্তুসংস্থান সংরক্ষণে ৫০ লাখ টাকা সহায়তা দেওয়া হবে। এছাড়া ‘মিশন গ্রিন’ উদ্যোগের আওতায় জাপানি ‘মিয়াওয়াকি’ পদ্ধতিতে ক্ষুদ্র বনাঞ্চল তৈরিতেও আরও ৫০ লাখ টাকা ব্যয় করবে আড়ং।

আড়ংয়ের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ বলেন, “কাগজের ব্যাগ পচনশীল হলেও এগুলো তৈরিতে বিপুল পরিমাণ গাছ কাটতে হয়। আমরা চাই মানুষ আবার নিজের ব্যাগ সঙ্গে নিয়ে আসার সংস্কৃতিতে ফিরে যাক। আগে বিনামূল্যে ব্যাগ দেওয়ায় অনেকেই প্রয়োজনের অতিরিক্ত ব্যাগ নিতেন, যা অপচয় বাড়াতো। বর্তমানে গ্রাহক ব্যাগ না আনলে বিলের সঙ্গে ১৫ টাকা ক্যাশব্যাক দেওয়া হচ্ছে।”

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে