ঢাকা, শনিবার, ৯ মে ২০২৬

শুভেন্দুর শপথের দিনই বড় চমক দিলেন মমতা!

২০২৬ মে ০৯ ১০:৪৫:২২
শুভেন্দুর শপথের দিনই বড় চমক দিলেন মমতা!

নিজস্ব প্রতিবেদক: শুভেন্দু অধিকারী আজ শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড–এ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। একই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার কালীঘাট–এ নিজ বাসভবনে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছেন।বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে, মমতার বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন সাবেক মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং রাজ্যসভার সদস্য বাবুল সুপ্রিয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শপথ অনুষ্ঠানের সমান্তরালে কালীঘাটের এই আয়োজন তৃণমূলের রাজনৈতিক উপস্থিতি ও সাংগঠনিক শক্তি প্রদর্শনের একটি কৌশল হতে পারে।

এদিকে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে, তিনটি অরাজনৈতিক সংগঠন রবীন্দ্রজয়ন্তী পালনের অনুমতি চাইলেও পুলিশ তা দেয়নি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দলটি এ দাবি করে। পাশাপাশি দলের নেতাকর্মীদের স্থানীয়ভাবে দিবসটি পালনের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

দলীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, বর্তমানে তৃণমূলের অগ্রাধিকার রাজ্যজুড়ে ‘আক্রান্ত’ নেতাকর্মীদের পাশে দাঁড়ানো। সম্প্রতি জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জেলা নেতাদের বিজেপির কথিত হামলার প্রতিবাদে মিছিল করার নির্দেশ দেন।

শনিবারের এই কর্মসূচি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কোনো রাজনৈতিক বার্তা দেন কি না, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। শুভেন্দু অধিকারীর শপথ ও মমতার পাল্টা আয়োজনকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে