ঢাকা, শনিবার, ৯ মে ২০২৬

বিস্ফোরক স্ট্যাটাস তাসনিম জারার

২০২৬ মে ০৯ ১০:২৮:০৯
বিস্ফোরক স্ট্যাটাস তাসনিম জারার

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, অতীতে একটি বক্তব্যের কারণে তাকে “জামায়াতের প্রোডাক্ট” বলে আখ্যা দেওয়া হয়েছিল এবং সামাজিকভাবে আক্রমণের মুখে পড়তে হয়েছিল।

শুক্রবার (৮ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন।

পোস্টে তাসনিম জারা উল্লেখ করেন, ২০১৩ সালের শাহবাগ আন্দোলনের সময় তিনি ফেসবুকে লিখেছিলেন— “একটা সভ্য সমাজে ‘একটা একটা শিবির ধর, ধরে ধরে জবাই কর’ ধরনের স্লোগান গ্রহণযোগ্য নয়।” ওই মন্তব্যের পর তাকে জামায়াতপন্থি হিসেবে চিহ্নিত করা হয় এবং ব্যক্তিগত তথ্য খোঁজার চেষ্টাও করা হয়েছিল বলে দাবি করেন তিনি।

তিনি আরও জানান, সে সময় তাকে বিভিন্ন কটূক্তি ও হুমকির মুখে পড়তে হয়। তার ভাষ্য অনুযায়ী, কেউ কেউ তাকে “ক্রসফায়ারে” দেওয়ার মতো মন্তব্যও করেছিলেন।

সাম্প্রতিক সময়েও একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন বলে দাবি করে তিনি বলেন, এখন তাকে “শাহবাগী”, “বাম”, “ইসলামবিদ্বেষী” কিংবা “বিদেশি এজেন্ট” হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে।

এনসিপিতে যোগদানের প্রসঙ্গ টেনে তাসনিম জারা বলেন, দলটিতে যোগ দেওয়ার সময় একটি “মধ্যপন্থার রাজনৈতিক শক্তি” গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যেখানে ভিন্ন মত ও আদর্শের মানুষ একসঙ্গে কাজ করতে পারবেন। তবে বর্তমানে ভিন্নমত সহ্য না করে ট্যাগিং ও অপপ্রচারের সংস্কৃতি ফিরে আসছে বলেও মন্তব্য করেন তিনি।

স্ট্যাটাসে তিনি আরও লেখেন, “দ্বিমত মানেই দেশদ্রোহ, সমালোচনা মানেই ষড়যন্ত্র— এই সংস্কৃতি ফ্যাসিবাদের পরিচিত চেহারা ছিল। যদি নতুন মোড়কে একই আচরণ ফিরে আসে, তাহলে অভ্যুত্থানের সম্ভাবনাও নষ্ট হবে।”

সবশেষে তিনি বলেন, “সভ্য সমাজে কাউকে জবাই করার ডাক দেওয়া যায় না, কাউকে বিনা বিচারে আটকে রাখা যায় না এবং দ্বিমতকে দেশদ্রোহ বলে চালিয়ে দেওয়া যায় না।”

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে