ঢাকা, শুক্রবার, ৮ মে ২০২৬

পশ্চিমবঙ্গে বড় রাজনৈতিক ভূমিকম্প

২০২৬ মে ০৮ ১০:৫০:২০
পশ্চিমবঙ্গে বড় রাজনৈতিক ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক: ভারতের পশ্চিমবঙ্গের বর্তমান মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল আরএন রবি। এর ফলে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জির দায়িত্বও আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। টানা প্রায় ১৫ বছর পশ্চিমবঙ্গ শাসনের পর তার রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটল।

২০১১ সালে প্রথমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন মমতা ব্যানার্জি। এরপর টানা তিন মেয়াদে দায়িত্ব পালন করেন তিনি। গত ৪ মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ করা হয়। এতে বিজেপি দুই শতাধিক আসনে জয় পেয়ে প্রথমবারের মতো রাজ্যটিতে সরকার গঠনের সুযোগ পায়।

তবে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়, মমতা ব্যানার্জি প্রথা অনুযায়ী রাজভবনে গিয়ে পদত্যাগ করতে অনাগ্রহ দেখিয়েছেন। এর জেরে সম্ভাব্য সাংবিধানিক জটিলতার আশঙ্কাও তৈরি হয়। এর মধ্যেই বৃহস্পতিবার (৭ মে) রাজ্যপাল মন্ত্রিসভা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন। এখন নতুন মন্ত্রিসভা গঠন এবং নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে।

এদিকে নির্বাচন-পরবর্তী সহিংসতায় উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা। সহিংসতায় এখন পর্যন্ত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ।

বুধবার এক সংবাদ সম্মেলনে রাজ্যের পুলিশ মহাপরিচালক (ডিজিপি) সিদ্ধনাথ গুপ্ত জানান, নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনায় রাজ্যজুড়ে ২০০টির বেশি মামলা হয়েছে এবং এ পর্যন্ত ৪৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।তিনি বলেন, “সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।”

গত ২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৪ মে ফল ঘোষণার পর থেকেই কলকাতাসহ বিভিন্ন জেলায় সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়।

বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। অন্যদিকে তৃণমূলের দাবি, বিজেপি-সমর্থিত দুষ্কৃতিকারীরাই সহিংসতার জন্য দায়ী।সহিংসতার ঘটনায় দুই দলের সমর্থকরাই প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে।

এদিকে পশ্চিমবঙ্গের সম্ভাব্য পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আলোচনায় থাকা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সচিব চন্দ্রনাথ রথ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

বিজেপির অভিযোগ, এটি ‘পরিকল্পিত রাজনৈতিক হত্যা’। তবে তৃণমূল কংগ্রেস অভিযোগ অস্বীকার করে বলেছে, পরিস্থিতি অস্থিতিশীল করতে বিজেপিই সহিংসতা উসকে দিচ্ছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে