ঢাকা, শুক্রবার, ৮ মে ২০২৬

পাবলিক টয়লেট ব্যবহারে নতুন নিয়ম

২০২৬ মে ০৮ ১০:৪০:৪৬
পাবলিক টয়লেট ব্যবহারে নতুন নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পাবলিক টয়লেটের ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা-২০২৬’-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর মাধ্যমে দেশজুড়ে স্বাস্থ্যসম্মত ও ব্যবহারবান্ধব পাবলিক টয়লেট সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।

বৃহস্পতিবার (৭ মে) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নীতিমালাটির অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ের নবনির্মিত ১ নম্বর ভবনের ১০ম তলায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে প্রণীত ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা-২০২৬’-এর খসড়া অনুমোদন করা হয়েছে।

নীতিমালার মূল লক্ষ্য হলো—পাবলিক টয়লেট ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধি

স্বাস্থ্যসম্মত ও মানসম্মত টয়লেট সুবিধা সহজলভ্য করা

নারী, শিশু, বয়স্ক, প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ব্যবহারবান্ধব ব্যবস্থা নিশ্চিত করা

দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনা ও অর্থায়ন কাঠামো গড়ে তোলা

বাস্তবায়ন ও তদারকির কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা

নীতিমালার আওতায় শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং তথ্য মন্ত্রণালয় শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারে সচেতন করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে।

এছাড়া সব উন্নয়ন প্রকল্পে নারীদের জন্য পৃথক টয়লেট নির্মাণ অন্তর্ভুক্ত করার নির্দেশনা রাখা হয়েছে। টয়লেট বর্জ্য ব্যবস্থাপনায় সেফটি ট্যাংক নির্মাণ বাধ্যতামূলক করা হয়েছে, যাতে কোনো বর্জ্য নদী, খাল-বিল বা জলাশয়ে গিয়ে পানি দূষণ সৃষ্টি না করে।

সড়ক ও মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে নারী ও পুরুষের জন্য পৃথক পাবলিক টয়লেট স্থাপনে স্থানীয় সরকার বিভাগ ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ যৌথভাবে কাজ করবে বলেও নীতিমালায় উল্লেখ রয়েছে।নীতিমালা বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে