ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

হলফনামায় কোটি টাকার সম্পদ, সোনার উৎস ‘উপহার’!

২০২৬ এপ্রিল ২৬ ১০:০৭:২১
হলফনামায় কোটি টাকার সম্পদ, সোনার উৎস ‘উপহার’!

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায় চৌধুরী তার নির্বাচনী হলফনামায় বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার থাকার তথ্য উল্লেখ করেছেন।

দাখিলকৃত নথিপত্র অনুযায়ী, তার নিজের নামে রয়েছে ৫০২ ভরি সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর অলঙ্কার। এছাড়া তার স্বামী অমিতাভ রায়ের নামে আরও ১০০ ভরি সোনা রয়েছে।

তবে হলফনামায় এসব অলঙ্কারের কোনো ক্রয়মূল্য উল্লেখ করা হয়নি। এর পরিবর্তে তিনি দাবি করেছেন, এসব অলঙ্কার তিনি ‘উপহার’ হিসেবে পেয়েছেন।

৩৯ বছর বয়সী নিপুণ রায় পেশায় একজন আইনজীবী এবং বর্তমানে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার আয়ের প্রধান উৎস ওকালতি ও বিভিন্ন বিনিয়োগ।

হলফনামার তথ্য অনুযায়ী, তিনি পেশা থেকে বছরে প্রায় ২৬ লাখ টাকা এবং শেয়ার ও ব্যাংক আমানত থেকে আরও প্রায় সাড়ে ৪ লাখ টাকা আয় করেন।

সম্পদের বিবরণে উল্লেখ করা হয়েছে, তার নামে ১ কোটি ১৩ লাখ টাকার স্থায়ী আমানত (এফডিআর) রয়েছে। এছাড়া তার মালিকানাধীন দুটি গাড়ির মোট মূল্য দেখানো হয়েছে ১ কোটি ১১ লাখ টাকা।

হলফনামা অনুযায়ী, নিপুণ রায়ের অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ১০ কোটি ৫ লাখ টাকা এবং তার স্বামীর অস্থাবর সম্পদ সাড়ে ৩ কোটির বেশি।স্থাবর সম্পদের মধ্যে ৮৫ লাখ ২০ হাজার টাকায় কেনা একটি ফ্ল্যাটের কথা উল্লেখ থাকলেও এর অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

অন্যদিকে তার নামে প্রায় ১ কোটি ১৯ লাখ টাকার ঋণ রয়েছে। দম্পতির হাতে নগদ প্রায় ৭৬ লাখ টাকা রয়েছে, যার মধ্যে ১৩ লাখ ২৯ হাজার টাকা তার নিজের।

হলফনামার উল্লেখযোগ্য একটি দিক হলো, ২০২৫ সালে তিনি ২৩টি মামলায় অব্যাহতি, খালাস বা চূড়ান্ত প্রতিবেদন পেয়েছেন।

পারিবারিক ও রাজনৈতিক পরিচয়ে উল্লেখ করা হয়েছে, তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর মেয়ে এবং দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য নির্বাচনের প্রক্রিয়া এখনো চলমান। ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে সম্প্রতি অনুষ্ঠিত বাছাইয়ে বিএনপি নেতৃত্বাধীন জোটের ৩৬ জন, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের ১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে