ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

২ মাসেই ধস! সরকারের জনপ্রিয়তা নিয়ে বড় দাবি

২০২৬ এপ্রিল ২৫ ১৫:৫৬:৫৩
২ মাসেই ধস! সরকারের জনপ্রিয়তা নিয়ে বড় দাবি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মতো কর্মসূচির মাধ্যমে বিএনপি জনগণকে প্রভাবিত করার চেষ্টা করছে। তবে এসব বাস্তবায়নে গিয়ে দলটির সক্ষমতা ফুরিয়ে গেছে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, সরকার শুধু জ্বালানি সংকটই নয়, দেশের অর্থনৈতিক সংকট ও আইনশৃঙ্খলার অবনতির বিষয়েও বাস্তবতা অস্বীকার করছে।শনিবার (২৫ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, দেশের স্বার্থে তারা সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত ছিলেন, কিন্তু বিএনপি সরকার সেই সুযোগ দিচ্ছে না। তিনি প্রশ্ন তোলেন, বাংলাদেশের ইতিহাসে এত অল্প সময়ে কোনো সরকার এতটা অজনপ্রিয় হয়েছে কি না। তার মতে, গত দুই মাসে সরকারের জনপ্রিয়তা দ্রুত হ্রাস পেয়েছে।

তিনি বলেন, তারা দেশে অস্থিতিশীলতা চান না। তাদের প্রধান দাবি হলো গণভোটের মাধ্যমে প্রাপ্ত গণরায় বাস্তবায়ন করে জুলাই গণ-অভ্যুত্থানকে যথাযথ সম্মান জানানো। এ দাবিতে তারা সংসদ ও রাজপথ—উভয় জায়গাতেই সক্রিয় থাকবেন।

নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশ পরিবর্তনের আশা দেখেছিল। জনগণ প্রতিজ্ঞা করেছিল, দেশে আর কোনো স্বৈরতন্ত্র ফিরে আসতে দেওয়া হবে না। সেই লক্ষ্যেই সংস্কার কার্যক্রম শুরু হয়।

তবে তার অভিযোগ, বিএনপি শুরু থেকেই এসব সংস্কার কার্যক্রমে বাধা দিয়ে আসছে। পরে তারা ঐকমত্য কমিশনে যোগ দিলেও গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বারবার নোট অব ডিসেন্ট দিয়েছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক চাপের মুখে বিএনপি গণভোটে রাজি হলেও নির্বাচনের পর তা অস্বীকার করতে শুরু করেছে। তার ভাষায়, “যে বিএনপির জন্ম গণভোটের মাধ্যমে, সেই বিএনপিই এখন গণভোটকে অস্বীকার করছে।”

নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিএনপি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের পথে নিয়ে যাচ্ছে, যা অতীতের শাসনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তিনি সতর্ক করে বলেন, যদি দেশকে আবার স্বৈরাচারের দিকে নেওয়ার চেষ্টা করা হয়, তাহলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে