ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

কোচিং-নোট গাইড বন্ধের ঘোষণা—প্রাথমিক শিক্ষায় আসছে বড় পরিবর্তন!

২০২৬ এপ্রিল ২২ ১৪:০১:২৩
কোচিং-নোট গাইড বন্ধের ঘোষণা—প্রাথমিক শিক্ষায় আসছে বড় পরিবর্তন!

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানিয়েছেন, প্রাথমিক স্তরে নতুন কারিকুলাম চালু করা হবে এবং কোচিং ও নোট-গাইড নির্ভরতা বন্ধে উদ্যোগ নেওয়া হচ্ছে।

বুধবার (২২ এপ্রিল) ‘শিক্ষা বাজেট : বাজেটের শিক্ষা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গণসাক্ষরতা অভিযানের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রাথমিক শিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন প্রতিমন্ত্রী।

ববি হাজ্জাজ বলেন, নতুন কারিকুলামে শিক্ষার্থীদের শেখার পদ্ধতিতে আসবে পরিবর্তন। তারা খেলাধুলার মাধ্যমে, গল্পের মাধ্যমে সহজভাবে শিখতে পারবে। তবে এ উদ্যোগ তাড়াহুড়ো করে বাস্তবায়ন করা হবে না বলে জানান তিনি। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে পরিকল্পিতভাবে কারিকুলাম প্রণয়ন করা হবে।

তিনি আরও বলেন, দেশের প্রায় ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে কোনো সিকিউরিটি গার্ড নেই, যা একটি বড় চ্যালেঞ্জ। এ অবস্থায় মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করা হলে অনেক ক্ষেত্রে সরঞ্জাম চুরির ঝুঁকি থাকে। তাই শিক্ষাব্যবস্থার মৌলিক সমস্যাগুলো আগে থেকেই চিহ্নিত করে ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী জানান, বাংলা ও ইংরেজির পাশাপাশি শিক্ষার্থীদের জন্য তৃতীয় একটি ভাষা শেখানোর কাজও শুরু করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা ও বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে