ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

গাড়ি চাইলেন হাসনাত আবদুল্লাহ

২০২৬ এপ্রিল ২১ ১৮:৫৯:২১
গাড়ি চাইলেন হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে নির্বাচনী এলাকায় যাতায়াতের সুবিধা বাড়াতে সংসদ সদস্যদের জন্য গাড়ি বরাদ্দের দাবি জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ ।

মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, উপজেলা পর্যায়ে অফিস সুবিধা দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানালেও, যাতায়াতের ক্ষেত্রে সংসদ সদস্যরা এখনো বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন।

তিনি উল্লেখ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা চেয়ারম্যানদের জন্য সরকারি গাড়ির ব্যবস্থা থাকলেও সংসদ সদস্যদের জন্য তেমন কোনো সুবিধা নেই। অনেক সময় ভাড়া গাড়িতে চলাচল করতে হয়, যা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে।

মানুষের কাছে দ্রুত পৌঁছাতে সরকারকে সংসদ সদস্যদের জন্য গাড়ির ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।

এ বিষয়ে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ । তিনি বলেন, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু থেকেই সংসদ সদস্যদের জন্য অতিরিক্ত সুবিধা বা বিলাসিতা না নেওয়ার বিষয়ে নির্দেশনা দিয়েছেন। এমনকি ট্যাক্স-ফ্রি গাড়ি সুবিধা বাতিলের বিষয়েও পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেলের বরাদ্দ কমানোসহ বিভিন্ন খাতে ব্যয় সংকোচন নীতি অনুসরণ করা হচ্ছে। তবে সংসদ সদস্যদের এই দাবির বিষয়ে আলোচনা করে কোনো সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

এদিকে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান আলোচনায় অংশ নিয়ে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আহ্বান জানান। তিনি কিছুটা রসিকতার সুরে বলেন, তরুণ সংসদ সদস্যের দাবির ক্ষেত্রে সরাসরি ‘না’ না বলে আশ্বাস দিলে ভালো হতো।

এ সময় সংসদে কিছুটা হাস্যরসের সৃষ্টি হয়। পরে স্পিকার বিষয়টি আলোচনার মাধ্যমে বিবেচনার কথা পুনর্ব্যক্ত করেন।প্রসঙ্গত, এর আগে নির্বাচনী প্রচারণার সময় হাসনাত আবদুল্লাহ সংসদ সদস্যদের ট্যাক্স-ফ্রি গাড়ি সুবিধা না নেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে