ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

৬০ কোটি টাকা ফেরত চায় মেঘনা পেট্রোলিয়াম

২০২৬ এপ্রিল ২০ ১৯:৫৬:২৪
৬০ কোটি টাকা ফেরত চায় মেঘনা পেট্রোলিয়াম

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড গত পাঁচ অর্থবছরে অতিরিক্ত পরিশোধিত কর বাবদ প্রায় ৬০ কোটি ১৭ লাখ টাকা ফেরত চেয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চট্টগ্রাম কর অঞ্চলে পাঠানো এক চিঠির মাধ্যমে এ দাবি জানানো হয়েছে।

চিঠিতে প্রতিষ্ঠানটি জানায়, সরকার নির্ধারিত নির্দিষ্ট মার্জিন বা কমিশনের ভিত্তিতে তারা ব্যবসা পরিচালনা করে। কিন্তু কর কর্তৃপক্ষ তাদের প্রকৃত আয়ের পরিবর্তে পুরো বিক্রয় মূল্যের ওপর ০.৬০ শতাংশ হারে কর কেটে নিচ্ছে, যা কোম্পানির জন্য বড় আর্থিক চাপ তৈরি করছে।

প্রতি লিটার ডিজেল বিক্রিতে যেখানে কর হওয়ার কথা ছিল ১৫ পয়সা, সেখানে কেটে নেওয়া হচ্ছে ৬২ পয়সা। ফলে প্রতি লিটারে ৪৭ পয়সা অতিরিক্ত কর পরিশোধ করতে হচ্ছে। একইভাবে কেরোসিনে ৪৮ পয়সা, অকটেনে ৫৮ পয়সা এবং পেট্রোলে ৫৬ পয়সা করে বেশি কর আদায় করা হয়েছে।

২০২১-২২ থেকে ২০২৫-২৬ করবর্ষ পর্যন্ত পাঁচ বছরের হিসাব পর্যালোচনায় দেখা গেছে, অতিরিক্ত কর বাবদ মেঘনা পেট্রোলিয়ামের রিফান্ডযোগ্য অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৬০ কোটি ১৭ লাখ ৪৩ হাজার ৩৭৩ টাকা। এই অর্থ ফেরত না পাওয়ায় কোম্পানির স্বাভাবিক আর্থিক প্রবাহ ব্যাহত হচ্ছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এছাড়া আয়কর আইন ২০২৩ অনুযায়ী একটি পাবলিকলি ট্রেডেড কোম্পানি হিসেবে ২০ শতাংশ করপোরেট কর দেওয়ার কথা থাকলেও উৎসে অতিরিক্ত কর কর্তনের কারণে প্রতিষ্ঠানটি বছর শেষে লাভের তুলনায় বেশি কর পরিশোধ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য জাতীয় রাজস্ব বোর্ড, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মধ্যে সমন্বয়ের মাধ্যমে দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছে মেঘনা পেট্রোলিয়াম।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে