ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

স্ত্রীর এমপি হওয়া নিয়ে যা বললেন জিল্লুর রহমান!

২০২৬ এপ্রিল ২১ ১৭:৫৩:২২
স্ত্রীর এমপি হওয়া নিয়ে যা বললেন জিল্লুর রহমান!

নিজস্ব প্রতিবেদক: সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে সংসদ সদস্য হিসেবে মনোনীত হওয়া ফাহমিদা হককে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তার স্বামী, রাজনৈতিক বিশ্লেষক ও সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান।

মঙ্গলবার (২১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ফাহমিদা হকের মনোনয়ন তার দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততা ও জনসম্পর্কের ধারাবাহিকতার ফল।

জিল্লুর রহমান উল্লেখ করেন, ফাহমিদা হক বহুদিন ধরে লেখালেখি, সামাজিক উদ্যোগ এবং নীতিনির্ধারণ সংক্রান্ত আলোচনায় যুক্ত আছেন। দেশের বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তার রাজনীতি ও জনজীবনের প্রতি আগ্রহ গড়ে তুলেছে।

তিনি বলেন, “সংসদ সদস্য হিসেবে তার এই মনোনয়ন একটি নতুন অধ্যায়। আমি আশা করি, তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং সংসদীয় কার্যক্রমে ইতিবাচক অবদান রাখবেন।”

নিজের পেশাগত অবস্থান প্রসঙ্গে জিল্লুর রহমান স্পষ্ট করেন, তার সাংবাদিকতা, কলাম লেখা, টক শো উপস্থাপনা এবং নীতি-গবেষণার কাজ স্বাধীনভাবেই চলবে।

তিনি বলেন, “গণতান্ত্রিক ব্যবস্থায় একই পরিবারের সদস্যরা ভিন্ন ভিন্ন ভূমিকায় থাকতে পারেন। তবে পেশাগত সততা ও বস্তুনিষ্ঠতা অটুট রাখা জরুরি, এবং আমি সেই নীতিতেই কাজ চালিয়ে যাব।”

শেষে তিনি ফাহমিদা হকের নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে