ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

আমানত সুরক্ষায় শেয়ারবাজার স্ট্যাবিলাইজেশন ফান্ড সংস্কারের উদ্যোগ

২০২৬ এপ্রিল ২১ ১৬:৩৯:৪৫
আমানত সুরক্ষায় শেয়ারবাজার স্ট্যাবিলাইজেশন ফান্ড সংস্কারের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং তহবিলের স্বচ্ছতা নিশ্চিত করতে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) ব্যবস্থাপনায় বড় ধরনের সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি কমিশনের এক সভায় তহবিলের নিরাপত্তা জোরদার ও ঝুঁকি কমানোর লক্ষ্যে তিনটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

তহবিল ব্যবস্থাপনায় তিন মূল সিদ্ধান্ত

বিএসইসি সূত্রে জানা গেছে, সংস্কারের অংশ হিসেবে প্রথমেই সিএমএসএফ-এর প্রধান ব্যাংক হিসাবটি কোনো বেসরকারি ব্যাংক থেকে সরিয়ে একটি সরকারি তফসিলি ব্যাংকে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া আরও দুটি উল্লেখযোগ্য সিদ্ধান্ত হলো:

এক্সিম ব্যাংক থেকে আমানত প্রত্যাহার: বেসরকারি এক্সিম ব্যাংকে গচ্ছিত অর্থ ফেরত আনতে বাংলাদেশ ব্যাংকে আনুষ্ঠানিক চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

আইসিবি থেকে বিনিয়োগ ফেরত: ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-তে বিনিয়োগ করা অর্থ ফেরত পেতে একটি নির্দিষ্ট সময়সীমা বা রোডম্যাপ দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন আইন ও পর্ষদ পুনর্গঠন

রাজনৈতিক পটপরিবর্তনের পর বর্তমান কমিশন সিএমএসএফ-এর কার্যক্রমে বেশ কিছু অনিয়ম খুঁজে পায়। ফলে প্রতিষ্ঠানটিকে একটি শক্তিশালী সংবিধিবদ্ধ কাঠামো দিতে নতুন আইন প্রণয়নের কাজ শুরু হয়েছে। প্রস্তাবিত আইন অনুযায়ী:

তহবিলের সাত সদস্যের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হবেন বিএসইসি’র চেয়ারম্যান। বোর্ডে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, দুই স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান, আইসিবির চেয়ারম্যান এবং তালিকাভুক্ত কোম্পানিগুলোর অ্যাসোসিয়েশনের সভাপতি প্রতিনিধি হিসেবে থাকবেন।

স্থিতিশীলতার পথে সিএমএসএফ

বাজার সংশ্লিষ্টদের মতে, আমানত বৈচিত্র্যকরণ এবং সরকারি ব্যাংকের অধীনে তহবিল পরিচালনার ফলে ঝুঁকি অনেকাংশে কমে আসবে। ২০২১ সালে শেয়ারবাজারের উন্নয়ন ও তারল্য সংকট মেটাতে ২০ হাজার কোটি টাকার এই ফান্ড গঠিত হয়েছিল। বর্তমানে এই সংস্কার উদ্যোগগুলো বিনিয়োগকারীদের হারানো আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

এসউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে