ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

এনসিপিতে যোগ দিচ্ছেন সেই বহিষ্কৃত প্রভাবশালী নেতা

২০২৬ এপ্রিল ১৯ ১৯:১১:২৫
এনসিপিতে যোগ দিচ্ছেন সেই বহিষ্কৃত প্রভাবশালী নেতা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া মোহাম্মদ ইসহাক সরকার জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে পারেন—এমন গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের এনসিপিতে যোগদানের প্রবণতা বাড়ার প্রেক্ষাপটে এই আলোচনা আরও জোরালো হয়েছে। রোববার (১৯ এপ্রিল) এবি পার্টি ও ‘আপ বাংলাদেশ’ থেকে কয়েকজন নেতাকর্মী দলটিতে যোগ দেন। পাশাপাশি বিএনপি থেকে বহিষ্কৃত কিছু নেতার সঙ্গেও এনসিপির যোগাযোগ রয়েছে বলে জানা গেছে।

সম্ভাব্য যোগদাতাদের তালিকায় ব্যারিস্টার রুমিন ফারহানা এবং মোহাম্মদ ইসহাক সরকারের নামও উঠে এসেছে বলে রাজনৈতিক সূত্রে জানা যায়। এ বিষয়ে মোহাম্মদ ইসহাক সরকার গণমাধ্যমকে বলেন, তিনি এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে বিবেচনা করছেন এবং এ নিয়ে আলোচনা চলছে।

জানা গেছে, ইসহাক সরকার অতীতে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক এবং পরবর্তীতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে তাকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে ‘ফুটবল’ প্রতীক নিয়ে ঢাকা-৭ (লালবাগ–কামরাঙ্গীরচর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি তৃতীয় স্থান অর্জন করেন। ওই আসনে বিএনপি প্রার্থী বিজয়ী হন।

রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি ঢাকা মহানগর ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখেন। তার বিরুদ্ধে একাধিক মামলা হলেও গত বছরের নভেম্বরে আদালত তাকে খালাস দেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে