ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

ছাত্রলীগ ইস্যুতে নাহিদের বক্তব্য ঘিরে তোলপাড়

২০২৬ এপ্রিল ১৯ ১৯:০৬:২৫
ছাত্রলীগ ইস্যুতে নাহিদের বক্তব্য ঘিরে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক: অতীতে ছাত্রলীগ করলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপিতে) যোগ দেওয়া যাবে—এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের এমন বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এ মন্তব্যের কড়া সমালোচনা করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। রোববার (১৯ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।

তিনি লেখেন, অতীতে ছাত্রলীগ করলেও যদি বর্তমানে এনসিপিতে যোগ দেওয়া যায়, তাহলে একই যুক্তিতে অতীতে আওয়ামী লীগ করা ব্যক্তিদের জন্যও রাজনৈতিক পুনর্বাসনের সুযোগ থাকা উচিত। তিনি মন্তব্য করেন, বিভিন্ন রাজনৈতিক দলেই এমন পুনর্বাসনের সুযোগ তৈরি করা যেতে পারে।

রাশেদ খাঁন আরও বলেন, আওয়ামী লীগের মতো বড় দলকে পুরোপুরি রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন না করে তাদের কর্মীদের বিভিন্ন দলে অন্তর্ভুক্তির সুযোগ রাখা যেতে পারে। এ প্রসঙ্গে তিনি এনসিপি, জামায়াতে ইসলামি এবং একটি ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ গঠনের ধারণাও তুলে ধরেন।

তিনি কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর দৃষ্টি আকর্ষণ করে বলেন, তিনি যেন এ ধরনের প্রস্তাব সংসদে উত্থাপন করে কণ্ঠভোটে পাস করানোর উদ্যোগ নেন।

এর আগে, একই দিন রাজধানীতে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, অতীতে কেউ ছাত্রদল, ছাত্রশিবির বা ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়ার ক্ষেত্রে তা মুখ্য বিষয় নয়। তিনি বলেন, এনসিপিতে যোগ দেওয়ার পর সবাই দলীয় আদর্শ ধারণ করে সংগঠনের নিয়ম অনুযায়ী কাজ করবেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে