ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
Sharenews24

হজ ও ওমরার সওয়াব পাওয়া যায় ৫ আমলে

২০২৬ এপ্রিল ১০ ১৬:১১:৩৬
হজ ও ওমরার সওয়াব পাওয়া যায় ৫ আমলে

নিজস্ব প্রতিবেদক: প্রতিটি মুমিনের একান্ত চাওয়া হজ আদায় করা। তবে বিভিন্ন কারণে সবার পক্ষে হজ করা সম্ভব হয় না। তাই প্রিয় নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এমন কিছু আমলের কথা বলেছেন, যেগুলোর মাধ্যমে হজ ও ওমরার সমপরিমাণ সওয়াব অর্জন করা যায়।

১. পাঁচ ওয়াক্ত নামাজের পর তাসবিহ পাঠ

হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত—কিছু দরিদ্র সাহাবি নবীজি (সা.)-এর কাছে এসে বলেন, ধনীরা নামাজ, রোজার পাশাপাশি হজ, ওমরা, দান-সদকা করতে পারায় বেশি মর্যাদা অর্জন করছেন।

তখন নবীজি (সা.) বলেন,তোমরা যদি প্রত্যেক নামাজের পর ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৩ বার আল্লাহু আকবার পাঠ কর, তবে তোমরাও তাদের সমান মর্যাদা লাভ করবে।(সহিহ বুখারি: ৮৪৩)

অন্য বর্ণনায় ৩৪ বার “আল্লাহু আকবার” পড়ার কথাও এসেছে। (সহিহ মুসলিম: ৫৯৬)

২. ফজরের পর জিকির ও দুই রাকাত নামাজ

যে ব্যক্তি জামাতে ফজরের নামাজ আদায় করে সূর্যোদয় পর্যন্ত জিকিরে মশগুল থাকে, এরপর দুই রাকাত নামাজ আদায় করে—সে হজ ও ওমরার সমান সওয়াব পায়।(তবারানি, হাদিস: ৭৭৪১)

৩. ফরজ নামাজের জন্য মসজিদে যাওয়া

যে ব্যক্তি অজু করে ফরজ নামাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, সে হজ আদায়কারীর মতো সওয়াব লাভ করে।আর চাশতের নামাজের উদ্দেশ্যে বের হলে ওমরার সমান সওয়াব পায়।(সুনানে আবু দাউদ: ৫৫৮)

৪. ভালো কিছু শেখা বা শেখানোর জন্য মসজিদে যাওয়া

যে ব্যক্তি মসজিদে যায় শুধু ভালো কিছু শেখা বা শেখানোর উদ্দেশ্যে—সে পূর্ণ হজের সমান সওয়াব লাভ করে।(তবারানি, হাদিস: ৭৪৭৩)

৫. মা-বাবার সেবা করা

হযরত আনাস (রা.) বর্ণনা করেন, এক ব্যক্তি জিহাদে যেতে আগ্রহ প্রকাশ করলে নবীজি (সা.) তাকে জিজ্ঞেস করেন—তার মা-বাবা জীবিত আছেন কি না। মা জীবিত শুনে তিনি বলেন,মায়ের সেবা করো। এতে হজ, ওমরা ও জিহাদের সওয়াব লাভ করবে।(মুসনাদে আবু ইয়ালা: ২৭৬০)

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে