ঢাকা, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Sharenews24

সংসদে আরও ৮ বিল পাশ

২০২৬ এপ্রিল ০৮ ১০:০৭:৫৬
সংসদে আরও ৮ বিল পাশ

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপ দিতে পানি সম্পদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত মোট ৮টি বিল জাতীয় সংসদে পাস হয়েছে।

বিলগুলোর ওপর কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় এ বিষয়ে সংসদে আলোচনা হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে কণ্ঠভোটের মাধ্যমে সেগুলো পাস করা হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

অন্তর্বর্তী সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সংসদের বিশেষ কমিটি ৯৮টি অপরিবর্তিতভাবে এবং ১৫টি সংশোধনসহ পাসের সুপারিশ করেছে। বাকি ২০টির মধ্যে ৪টি বাতিল এবং ১৬টি নতুনভাবে আরও শক্তিশালী করে বিল আকারে উপস্থাপনের সুপারিশ করা হয়।

আজ পাস হওয়া বিলগুলোর ক্ষেত্রে বিশেষ কমিটি এগুলো অপরিবর্তিতভাবে অনুমোদনের সুপারিশ করেছিল।

পাস হওয়া বিলগুলোর মধ্যে ‘বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল, ২০২৬’ পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সংসদে উত্থাপন করেন।

এছাড়া আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ‘ফৌজদারি কার্যবিধি (সংশোধন) বিল, ২০২৬’, ‘দেওয়ানি আদালত (সংশোধন) বিল, ২০২৬’, ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) বিল, ২০২৬’ এবং ‘রেজিস্ট্রেশন (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন করলে সেগুলোও কণ্ঠভোটে পাস হয়।

আইনমন্ত্রী জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধনী আইনে মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞায় ‘গুম’ (বাধ্যতামূলক নিখোঁজ) অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বলেন, গুমের বিচার করতে সরকার বদ্ধপরিকর।

স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট কয়েকটি বিলও পাস হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল, ২০২৬’ এবং ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন করেন। এছাড়া ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) বিল’ সংসদে উপস্থাপন করা হয়।

পরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট (সংশোধন) বিল, ২০২৬’ পাসের প্রস্তাব উত্থাপন করলে সেটিও কণ্ঠভোটে অনুমোদিত হয়।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে