ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
Sharenews24

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বড় পরিবর্তন

২০২৬ এপ্রিল ০৪ ১২:১১:১৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছে কর্তৃপক্ষ। দীর্ঘদিনের প্রচলিত ধারা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা যাচাইয়ে প্রশ্নের ধরনে বৈচিত্র্য আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মুখস্থনির্ভর পড়াশোনা কমিয়ে শিক্ষার্থীদের মূল পাঠ্যবইমুখী করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীরা গাইড বা নোটের ওপর নির্ভর না করে বিষয়ভিত্তিক গভীর জ্ঞান অর্জনে উৎসাহিত হবে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কমিটির এক সদস্য জানান, শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বিগত বছরের প্রশ্ন বা গাইড বই মুখস্থ করে পরীক্ষায় অংশ নিচ্ছে, যার ফলে তাদের প্রকৃত মেধা যাচাই করা কঠিন হয়ে পড়ে।

তিনি বলেন, উপাচার্যের নির্দেশনায় প্রশ্নের ধরনে সৃজনশীলতাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। লক্ষ্য হচ্ছে এমন একটি পরীক্ষা পদ্ধতি চালু করা, যেখানে শিক্ষার্থীদের পাঠ্যবই ভালোভাবে বুঝে আসতে হবে।

এ বিষয়ে উপাচার্য ড. এ. এস. এম. আমানুল্লাহ বলেন, পরীক্ষার নম্বর বণ্টনে কোনো পরিবর্তন আনা হচ্ছে না, তবে প্রশ্নের ধরনকে আরও সৃজনশীল করা হবে। শিক্ষার্থীরা যেন প্রকৃত মেধার ভিত্তিতে ভর্তি হতে পারে, সেটিই মূল লক্ষ্য।

ভর্তি পরীক্ষা বহুনির্বাচনী প্রশ্ন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। মোট নম্বর ১০০ এবং সময় ১ ঘণ্টা। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হবে এবং ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না।

বিষয়ভিত্তিক নম্বর বণ্টনে বাংলা ২০, ইংরেজি ২০, সাধারণ জ্ঞান ২০ এবং বিভাগভিত্তিক বিষয়ে ৪০ নম্বর নির্ধারণ করা হয়েছে। পাস নম্বর ৩৫।

মেধাতালিকা তৈরি হবে মোট ২০০ নম্বরের ভিত্তিতে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ নম্বর, এসএসসি বা সমমান পরীক্ষার জিপিএর ৪০ শতাংশ থেকে ৪০ নম্বর এবং এইচএসসি বা সমমান পরীক্ষার জিপিএর ৬০ শতাংশ থেকে ৬০ নম্বর যুক্ত হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের ৮৮১টি কলেজে স্নাতক (সম্মান) কোর্স চালু রয়েছে। এর মধ্যে ২৬৪টি সরকারি এবং ৬১৭টি বেসরকারি কলেজ।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে সম্মান কোর্সে মোট আসন ছিল ৪ লাখ ৩৬ হাজার ২৮৫টি। প্রতিটি বিষয়ে সর্বোচ্চ ৮টি আসন কোটার জন্য সংরক্ষিত থাকবে। এর মধ্যে বীর মুক্তিযোদ্ধা কোটা ৩টি, আদিবাসী ১টি, প্রতিবন্ধী ১টি এবং পোষ্য কোটা ৩টি।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে