ঢাকা, বুধবার, ২৫ মার্চ ২০২৬
Sharenews24

সমুদ্রসৈকতে ছুরিকাঘাতে জুলাইযোদ্ধা খুন, পুলিশ হেফাজতে নারী সমন্বয়ক

২০২৬ মার্চ ২৫ ০৭:০৫:০১
সমুদ্রসৈকতে ছুরিকাঘাতে জুলাইযোদ্ধা খুন, পুলিশ হেফাজতে নারী সমন্বয়ক

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার সমুদ্রসৈকতের পাশে কবিতা চত্বর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন জুলাই আন্দোলনের কর্মী ও ছাত্রদল নেতা খোরশেদ আলম। মঙ্গলবার (রাত সাড়ে ১০টা) দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ঘটনার সময় তার সঙ্গে থাকা নারী সমন্বয়ক তারিনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে কক্সবাজার সদর মডেল থানা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাত সাড়ে ১০টার দিকে খোরশেদ আলম ও তারিন কবিতা চত্বর এলাকায় সমুদ্রসৈকতে যান। এ সময় হঠাৎ অজ্ঞাত হামলাকারীরা তাকে লক্ষ্য করে আক্রমণ চালায় এবং পেটে ও বাম ঊরুতে একাধিক ছুরিকাঘাত করে।

গুরুতর আহত অবস্থায় খোরশেদ আলমকে তার বন্ধু শাহ আলম ও সহপাঠীরা দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। প্রত্যক্ষদর্শীদের মতে, হাসপাতালে নেওয়ার সময় তিনি জীবিত ছিলেন। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

নিহত খোরশেদ আলম কক্সবাজার শহরের ৭ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী ইসুলুর ঘোনা এলাকার বাসিন্দা। তিনি শাহ আলমের ছেলে এবং স্থানীয়ভাবে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

সূত্র জানায়, হামলার পরপরই দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় তারিন চিৎকার করে সাহায্য চাইলে আশপাশে লোকজন থাকলেও কেউ এগিয়ে আসেনি। বর্তমানে খোরশেদ আলমের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনার পরপরই কক্সবাজার শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাসপাতালের সামনে ছাত্রদল, জুলাই আন্দোলনের নেতাকর্মীসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা ভিড় জমায়।

কক্সবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রিদুয়ানুল হক অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে কবিতা চত্বর এলাকায় অবস্থানকালে খোরশেদ আলমের ওপর হামলা চালানো হয়েছে। তিনি দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমিউদ্দিন জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। প্রত্যক্ষদর্শী ও নিহতের ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আরও বলেন, ঘটনার সময় উপস্থিত এক নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে