ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬
Sharenews24

ইরানকে শেষ করার হুমকি, হরমুজ ছাড়ার ইঙ্গিত ট্রাম্পের

২০২৬ মার্চ ১৮ ২২:২৬:২২
ইরানকে শেষ করার হুমকি, হরমুজ ছাড়ার ইঙ্গিত ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানকে ঘিরে নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইঙ্গিত দিয়েছেন, ইরানের অবশিষ্ট শক্তিকেও ধ্বংস করে দেওয়া হতে পারে এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট ব্যবহারকারী দেশগুলোর ওপর ছেড়ে দেওয়া হতে পারে।

বুধবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই মন্তব্য করেন, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বিশ্বে জ্বালানি তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি প্রসঙ্গে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এই পথ ব্যবহার করে না। তাই তিনি ভাবছেন, ইরানের সক্ষমতা শেষ করে দিয়ে প্রণালিটির দায়িত্ব ব্যবহারকারী দেশগুলোর হাতে ছেড়ে দিলে কী পরিস্থিতি তৈরি হয়। তার মতে, এতে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো দ্রুত সক্রিয় হতে বাধ্য হবে।

অন্যদিকে ইরান বরাবরই দাবি করে আসছে, হরমুজ প্রণালি উন্মুক্ত রয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা বন্ধ না করলে তাদের মিত্রদের জাহাজ চলাচলে বাধা দেওয়া হতে পারে বলে সতর্ক করেছে তেহরান। যদিও সাম্প্রতিক সংঘাতের মধ্যেই ভারত, তুরস্ক ও পাকিস্তানের কয়েকটি তেলবাহী জাহাজ ইরানের অনুমতি নিয়ে প্রণালি অতিক্রম করেছে বলে জানা গেছে।

এদিকে ইরানে বিশ্বের অন্যতম বৃহৎ প্রাকৃতিক গ্যাসক্ষেত্রের একটি স্থাপনায় হামলার খবর প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে গেছে। অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০৮ ডলার ছাড়িয়ে গেছে, যা বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন চাপ তৈরি করেছে।

বুধবার ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ১০৮ দশমিক ৬০ ডলারে পৌঁছায়, যা আগের দিনের তুলনায় প্রায় ৫ শতাংশ বেশি।

জ্বালানির এই মূল্যবৃদ্ধির ফলে যুক্তরাষ্ট্র সরকার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় পর্যায়ে চাপের মুখে পড়েছে। যুদ্ধ শুরুর পর থেকেই ট্রাম্প ন্যাটো ও এশিয়ার মিত্র দেশগুলোকে হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়ে আসছেন।

তবে একাধিকবার আহ্বান সত্ত্বেও যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, গ্রিস ও স্পেনসহ ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ দেশ এখনও এতে সাড়া দেয়নি। উল্লেখযোগ্যভাবে, এসব দেশই ন্যাটোভুক্ত।

অন্যদিকে এশিয়ার দেশগুলোর মধ্যেও একই চিত্র দেখা যাচ্ছে। জাপান ও অস্ট্রেলিয়া স্পষ্টভাবে জানিয়েছে তারা হরমুজে কোনো যুদ্ধজাহাজ পাঠাবে না। তবে দক্ষিণ কোরিয়া জানিয়েছে, তারা বিষয়টি বিবেচনা করে দেখবে। সূত্র: আল জাজিরা।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে