ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
Sharenews24

ইরানের হামলার মুখে হোটেল-বাসায় আশ্রয় নিচ্ছে মার্কিন সেনারা

২০২৬ মার্চ ১৩ ১৭:২৮:২৮
ইরানের হামলার মুখে হোটেল-বাসায় আশ্রয় নিচ্ছে মার্কিন সেনারা

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সামরিক উত্তেজনা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের সেনা ও কর্মকর্তাদের ওপর ধারাবাহিক হামলার খবর পাওয়া যাচ্ছে। কাতার, কুয়েত, বাহরাইন ও সৌদি আরবসহ বিভিন্ন স্থানে ইরানের হামলার আশঙ্কা ও নিরাপত্তা ঝুঁকির কারণে যুক্তরাষ্ট্র তাদের বেশ কিছু সামরিক ঘাঁটি খালি করে কৌশলগতভাবে নতুন অবস্থান নিয়েছে।

এ পরিস্থিতিতে সেনা ও কর্মকর্তাদের জন্য আবাসনের সংকট তৈরি হয়েছে। ফলে অনেক মার্কিন সেনা মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে বাসাবাড়ি ও হোটেলে অবস্থান নিয়ে আত্মগোপনে থাকছেন বলে জানা গেছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের তথ্যের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, আবাসিক এলাকায় আশ্রয় নেওয়া মার্কিন সেনাদের অবস্থান সম্পর্কে স্থানীয় জনগণকে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা শাখা।

আইআরজিসির গোয়েন্দা শাখার এক বিবৃতিতে বলা হয়েছে, হাজার হাজার মার্কিন সেনা বর্তমানে হোটেল, ব্যক্তিগত আবাসন কিংবা বিভিন্ন বাসাবাড়িতে অবস্থান করছে। এতে অভিযোগ করা হয়, ওয়াশিংটন আরব জনগণকে মানবঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। তাই তাদের শনাক্ত করে লক্ষ্যবস্তুতে পরিণত করতে বাধ্য হচ্ছে ইরান।

বিবৃতিতে আরও বলা হয়, হোটেল বা আবাসিক স্থানে তাদের আশ্রয় না দেওয়াই উত্তম এবং এসব জায়গা থেকে অন্যদের দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মার্কিন সেনাদের লুকিয়ে থাকার স্থান সম্পর্কে সঠিক তথ্য জানানোকে ‘ইমানি দায়িত্ব’ বলে উল্লেখ করে সেই তথ্য টেলিগ্রামের মাধ্যমে পাঠাতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এদিকে ইরাকের কুর্দিস্তান অঞ্চলেও হামলার ঘটনা ঘটেছে। সেখানে এক হামলায় ফ্রান্সের একজন সেনা নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আহতদের অবস্থাও গুরুতর বলে জানা গেছে।

সেনা নিহতের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ম্যাক্রো বলেছেন, ইরবিল অঞ্চলে ফরাসি বাহিনীর ওপর হামলা ‘অগ্রহণযোগ্য’। তিনি জানিয়েছেন, এ ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে ফ্রান্সের সেনাবাহিনী জানায়, ওই এলাকায় ইরাকি অংশীদারদের সঙ্গে সন্ত্রাসবিরোধী প্রশিক্ষণে অংশ নেওয়া ছয়জন ফরাসি সেনা ড্রোন হামলায় আহত হয়েছেন।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে