ঢাকা, রবিবার, ৮ মার্চ ২০২৬
Sharenews24

ইমাম-মুয়াজ্জিনদের জন্য বড় সুখবর

২০২৬ মার্চ ০৮ ১৯:০৭:৪৮
ইমাম-মুয়াজ্জিনদের জন্য বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক : নির্বাচিত মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা আগামী ১৫ মার্চের মধ্যে মাসিক সম্মানী পাবেন। একই সঙ্গে নির্বাচিত অন্যান্য উপাসনালয়ে কর্মরত ধর্মীয় গুরুরাও এই সম্মানী পাবেন। এর আগের দিন ১৪ মার্চ এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৮ মার্চ) দুপুরে সচিবালয়ে সংশ্লিষ্ট সেলের এক সভা শেষে এ তথ্য জানান সেলের সভাপতি ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। সভায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং অর্থসচিব খায়রুজ্জামান মজুমদারসহ সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, বিএনপির নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম পর্যায়ে পাইলট প্রকল্পের আওতায় প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা থেকে একটি করে মোট ৪ হাজার ৯০৮টি মসজিদ নির্বাচন করা হয়েছে।

এছাড়া প্রতিটি উপজেলা থেকে দুটি করে মোট ৯৯০টি মন্দির নির্বাচন করা হয়েছে। বৌদ্ধ বিহার রয়েছে এমন ৭২টি উপজেলার প্রতিটিতে দুটি করে মোট ১৪৪টি বৌদ্ধ বিহার এবং গির্জা রয়েছে এমন ১৯৮টি উপজেলার প্রতিটিতে দুটি করে মোট ৩৯৬টি গির্জাও এই প্রকল্পের আওতায় আনা হয়েছে।

এই স্কিমের আওতায় নির্বাচিত মসজিদের ইমামকে মাসিক পাঁচ হাজার টাকা, মুয়াজ্জিনকে তিন হাজার টাকা এবং খাদেমকে দুই হাজার টাকা সম্মানী দেওয়া হবে। নির্বাচিত মন্দিরের পুরোহিত পাঁচ হাজার এবং সেবাইত তিন হাজার টাকা করে সম্মানী পাবেন।

এছাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ পাঁচ হাজার ও উপাধ্যক্ষ তিন হাজার টাকা এবং গির্জার পালক বা যাজক পাঁচ হাজার টাকা ও সহকারী পালক বা যাজক তিন হাজার টাকা সম্মানী পাবেন।

পাশাপাশি প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহায় সংশ্লিষ্ট ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের এক হাজার টাকা করে উৎসব ভাতা দেওয়া হবে। অন্য ধর্মের উপাসনালয়ের নির্বাচিত ব্যক্তিরা তাদের প্রধান একটি ধর্মীয় উৎসবে দুই হাজার টাকা উৎসব ভাতা পাবেন।

এদিকে মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য স্থায়ীভাবে মাসিক সম্মানী প্রদানের লক্ষ্যে একটি নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ধর্ম সচিবকে আহ্বায়ক করে ছয় সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে