ঢাকা, রবিবার, ৮ মার্চ ২০২৬
Sharenews24

সূচক ধসে গেলেও চার কোম্পানির শেয়ার বিক্রেতা উধাও

২০২৬ মার্চ ০৮ ১৪:৪৩:৫৩
সূচক ধসে গেলেও চার কোম্পানির শেয়ার বিক্রেতা উধাও

নিজস্ব প্রতিবেদক : সূচকের বড় পতনের মধ্য দিয়ে আজ (০৮ মার্চ) দেশের শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক প্রায় ২৩২ পয়েন্ট কমে ৫ হাজার ৯ পয়েন্টে নেমে আসে, যা গত ৩৩ দিনের মধ্যে সর্বনিম্ন অবস্থান।

তবে বাজারের এই বড় পতনের মধ্যেও কয়েকটি কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের ব্যাপক চাহিদা দেখা গেছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৯০টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ১০টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যেই ৪টি কোম্পানির শেয়ার বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে উঠে আসে। ফলে এসব কোম্পানির শেয়ারে বিক্রেতা সংকট তৈরি হয়ে হল্টেড অবস্থায় লেনদেন বন্ধ হয়ে যায়। একই সঙ্গে এসব শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় অবস্থান করতে দেখা গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিক্রেতা সংকটে হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো—ইন্টারন্যাশনাল লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স এবং পিপলস লিজিং।

এগুলোর মধ্যে সর্বাধিক দর বৃদ্ধি পেয়েছে ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ারে। কোম্পানিটির শেয়ারদর ২০ পয়সা বা ৯ দশমিক ০৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ৪০ পয়সায়। এদিন শেয়ারটির দর ২ টাকা ৩০ পয়সা থেকে ২ টাকা ৪০ পয়সার মধ্যে ওঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির মোট প্রায় ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া ফারইস্ট ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স এবং পিপলস লিজিং—এই তিন কোম্পানির শেয়ারদরও সমান হারে বেড়েছে। ডিএসইতে এদিন কোম্পানি তিনটির শেয়ারদর ২০ পয়সা বা ৮ দশমিক ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে।

এর মধ্যে ফারইস্ট ফাইন্যান্স ও ফাস ফাইন্যান্সের শেয়ারদর ২ টাকা ৪০ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৬০ পয়সা পর্যন্ত ওঠানামা করেছে। অন্যদিকে পিপলস লিজিংয়ের শেয়ারদর ২ টাকা ৩০ পয়সা থেকে ২ টাকা ৬০ পয়সার মধ্যে লেনদেন হয়েছে।

লেনদেনের দিক থেকে ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার লেনদেন হয়েছে ১ কোটি ২২ লাখ ১৬ হাজার টাকা। ফাস ফাইন্যান্সের লেনদেন হয়েছে ১ কোটি ৪ লাখ ৮ হাজার টাকা এবং পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ১৮ লাখ ৭৫ হাজার টাকা।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে