ঢাকা, রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

বিদেশে যেতে না পারার অভিজ্ঞতা শোনালেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী

২০২৫ অক্টোবর ৩১ ১৪:৩৬:৫৫
বিদেশে যেতে না পারার অভিজ্ঞতা শোনালেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতা ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন অভিযোগ করেছেন যে, চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংকক যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারে তাকে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। মিলন জানান, নিষেধাজ্ঞার কারণ জানতে চাইলেও তিনি কোনো সুনির্দিষ্ট উত্তর পাননি।

‘চিকিৎসা অসম্পূর্ণ রেখেই ফিরেছিলাম’

মিলন বলেন, “আমি ব্যাংককে চিকিৎসারত অবস্থায় দলের নির্দেশে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের বৈঠকে উপস্থিত থাকার জন্য ২৫ অক্টোবর ঢাকায় ফিরে আসি। সাংগঠনিক কাজ শেষ করে ৩০ অক্টোবর আবার চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংকক যাওয়ার পথে ইমিগ্রেশন কাউন্টারে আমাকে জানানো হয়, আমার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা রয়েছে।”

‘আমি স্বচ্ছ ও সাংবিধানিক রাজনীতিতে বিশ্বাসী’

ব্যক্তিগত অবস্থান ব্যাখ্যা করে এই বিএনপি নেতা বলেন, “আমি স্বচ্ছ, গণতান্ত্রিক ও সাংবিধানিক রাজনীতিতে বিশ্বাসী একজন মানুষ। আমি কখনো কোনো ষড়যন্ত্র বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নই। দেশের মানুষের ভালোবাসা থেকেই আমি আমেরিকার নাগরিকত্ব ও পাসপোর্ট ত্যাগ করে রাজনীতিতে এসেছি।”

‘বিরোধীদের ওপর নির্যাতন ছিল স্বাভাবিক’

বিগত সরকারের সময়ের সমালোচনা করে মিলন বলেন, “তখন বিরোধী মতাদর্শী ব্যক্তিদের ওপর অমানবিক নির্যাতন চালানো হতো। বিদেশ ভ্রমণে বাধা দেওয়া ছিল সেই সময়ের একটি রাজনৈতিক অস্ত্র।”

সরকারের কাছে প্রশ্ন

সরকারের উদ্দেশে প্রশ্ন রেখে তিনি বলেন, “কেন আমাকে বিদেশ যেতে দেওয়া হলো না? এই সরকার মহান ২৪ গণঅভ্যুত্থানের ফসল। আমার দল বিএনপি শুরু থেকেই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে আসছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সরকারের কোনো সংস্থা ভুল তথ্য বা ষড়যন্ত্রে বিভ্রান্ত হবে না।”

তিনি আরও আশা প্রকাশ করেন যে, সরকার তারসহ দেশের প্রতিটি নাগরিকের সাংবিধানিক, নাগরিক ও মানবাধিকার সুরক্ষায় যথাযথ ব্যবস্থা নেবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে