ঢাকা, শনিবার, ১১ জুলাই ২০২৬

১২ দলীয় জোটের নেতারা

'এপ্রিল ফুল' হতে পারে নির্বাচনের তারিখ

২০২৫ জুন ০৭ ১৫:২৯:১২
'এপ্রিল ফুল' হতে পারে নির্বাচনের তারিখ

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আগামী এপ্রিল মাসে নির্বাচনের ঘোষণার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ১২ দলীয় জোট বলেছে, এপ্রিলে নির্বাচন হওয়ার কথাটি ‘এপ্রিল ফুল’ হতে পারে।

১২ দলীয় জোট দৃঢ়ভাবে জানিয়েছে, জনগণ ভোটাধিকার ফিরে পেতে এবং ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় করতে আন্দোলন করেছে, এপ্রিল ফুলের শিকার হওয়ার জন্য নয়।

শুক্রবার (০৬ জুন) নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জোটের নেতৃবৃন্দ এই মন্তব্য করেন।

জোটের নেতৃবৃন্দ বলেন, "কেবল একটি দল নয়, দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল এ বছরের ডিসেম্বরে নির্বাচন চায়।" তারা আরও বলেন, "এপ্রিলে নির্বাচন হওয়ার কথাটি এপ্রিল ফুল হতে পারে। সে সময় শিক্ষার্থীদের সাধারণ পরীক্ষা থাকে, আবহাওয়া নির্বাচনের অনুকূল থাকে না। সুতরাং রাজনৈতিক ও গণদাবি মেনে ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে। নির্বাচন কমিশনকেও সেই প্রস্তুতি নিতে হবে।"

বিবৃতিতে জোট নেতৃবৃন্দ আরও বলেন, এপ্রিলে নির্বাচন মানে রমজানের কিছুদিন পর। রমজানে নির্বাচনের কাজ করার সুযোগ নেই। একদিকে কালবৈশাখী, একদিকে চৈত্রের খরা। পাশাপাশি সবচেয়ে বড় প্রশ্ন, "কাকে খুশি করার জন্য অধ্যাপক ইউনূস ডিসেম্বর থেকে সরিয়ে এপ্রিলে নির্বাচন করতে চাইছেন।"

বিদেশিদের হাতে বন্দর তুলে দেওয়ার প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বক্তব্যের বিষয়ে তারা আরও বলেন, "এই বক্তব্য সরকারপ্রধান হিসেবে তিনি দিতে পারেন না। তিনি নিজের যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন। বন্দর ব্যবস্থাপনার প্রথম দাবিদার দেশের মানুষ। দেশের মানুষ সিদ্ধান্ত নেবে, কাদের দিয়ে ব্যবস্থাপনা করা হবে। তার বক্তব্যের মধ্য দিয়ে প্রশ্ন উঠল, আদৌ প্রফেসর ইউনূস বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন কিনা।"

ঈদের পর প্রধান উপদেষ্টার রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, তিনি (ড. ইউনূস) প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করবেন কিনা, সে বিষয়টিও দেশের মানুষ সিদ্ধান্ত নেবেন।

১২ দলীয় জোটের নেতারা আরও বলেন, "আগামী ডিসেম্বরের আগেই নির্বাচন করা সম্ভব। দেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর পক্ষ থেকেও নানাভাবে বিষয়টি সামনে এসেছে। আমরা চাই দেশের জনগণের দীর্ঘদিনের চাওয়া তিনি পূরণ করবেন।"

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে