×
ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মোরগ পোলাও খাইয়ে ধানমন্ডিতে ২ হাজার ভরি গয়না লুট

২০২৬ নভেম্বর ২৮ ১৭:০৫:৩১
মোরগ পোলাও খাইয়ে ধানমন্ডিতে ২ হাজার ভরি গয়না লুট

নিজস্ব প্রতিবেদক: রাতের খাবারে ছিল মোরগ পোলাও। সেই খাবার খাওয়ার পর অচেতন হয়ে পড়েন মার্কেটের নিরাপত্তাকর্মীরা। আর এই সুযোগে রাজধানীর ধানমন্ডির আনাম র‍্যাংস প্লাজার পূরবী জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকান থেকে প্রায় দুই হাজার ভরি স্বর্ণ, রুপা ও হীরার গয়না লুটের পাশাপাশি ১০ থেকে ১২ লাখ টাকা নগদ নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৭ নভেম্বর) গভীর রাতে ধানমন্ডি ৬/এ এলাকায় এ ঘটনা ঘটে। জুয়েলার্সের মালিকের দাবি, লুট হওয়া গয়নার মধ্যে বিপুল পরিমাণ স্বর্ণালংকারের পাশাপাশি রুপা ও হীরার গয়নাও রয়েছে।

ঘটনার পর থেকে জুয়েলার্সের নিজস্ব একজনসহ মার্কেটের দুজন নিরাপত্তাকর্মীর খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁদের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

ধানমন্ডি থানার এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিরাপত্তাকর্মীদের খাবারের সঙ্গে কিছু মিশিয়ে অচেতন করার পর চুরির ঘটনা ঘটানো হয়েছে। মার্কেটের দুজন নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন। তাঁদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

পূরবী জুয়েলার্সের জ্যেষ্ঠ বিক্রয়কর্মী সঞ্জীব শীল জানান, রাত ২টার দিকে চুরির ঘটনা ঘটে। এরপর থেকে তিন নিরাপত্তাকর্মীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তাঁদের একজন জুয়েলার্সের নিজস্ব কর্মী এবং অন্য দুজন মার্কেটের নিরাপত্তাকর্মী।

সঞ্জীব শীলের ভাষ্য অনুযায়ী, সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে দোকানে প্রবেশ করতে দেখা গেছে। এ ছাড়া ঘটনাস্থলে আরও দুজন অপরিচিত ব্যক্তির উপস্থিতি ছিল। ফুটেজে নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজনকে বাইরের লোকজনকে দোকানে প্রবেশে সহযোগিতা করতে দেখা গেছে বলে দাবি করেন তিনি। দোকানে ঢুকেই দুর্বৃত্তদের একজন সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এ ঘটনায় সন্দেহভাজন এক নিরাপত্তাকর্মীর মূল পরিচয়পত্রও উদ্ধার করে তদন্তকারীদের কাছে দেওয়া হয়েছে।

শনিবার দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুলিশ শপিংমলটি ঘিরে রেখেছে। অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সেখানে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

জুয়েলার্সের মালিক অমিত ঘোষ জানান, দোকান থেকে প্রায় দুই হাজার ভরি স্বর্ণ, রুপা ও হীরার গয়না খোয়া গেছে। এ ছাড়া নগদ ১০ থেকে ১২ লাখ টাকাও নিয়ে গেছে দুর্বৃত্তরা।

এ ধরনের চুরির চেষ্টা আগেও হয়েছিল বলে জানিয়েছেন জুয়েলার্সের আরেক বিক্রয়কর্মী জোবায়ের আহমেদ। তাঁর দাবি, কয়েক বছর আগে একই কৌশলে চুরির চেষ্টা করা হয়েছিল। সে সময় নিরাপত্তাকর্মীদের মিষ্টি খাওয়ানো হয়। এতে একজন অচেতন হয়ে পড়লেও বিষয়টি দোকানমালিকের নজরে আসায় সেবার চুরি করতে পারেনি দুর্বৃত্তরা।

তবে এবার চুরির ঘটনায় কারা জড়িত, নিরাপত্তাকর্মীদের অচেতন করার জন্য খাবারে কী মেশানো হয়েছিল এবং লুট হওয়া গয়নাগুলো কোথায় নেওয়া হয়েছে—এসব বিষয় তদন্ত করে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আয়মান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে