×
ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করলেন এনসিপির চার নেতা

২০২৬ নভেম্বর ২৩ ১৪:৫৩:৫২
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করলেন এনসিপির চার নেতা

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধি দল। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠক প্রায় ৪০ মিনিট স্থায়ী হয়। দুপুর ১টা ২০ মিনিটে শুরু হয়ে বৈঠকটি বেলা ২টার দিকে শেষ হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠক শেষ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলের সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এনসিপির নেতারা সচিবালয়ে পৌঁছান। পরে দুপুর ১টা ২০ মিনিটে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক শুরু হয়।

প্রধানমন্ত্রী ও এনসিপি নেতাদের বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং জাতীয় সংসদের হুইপ মিয়া নুরউদ্দিন আহমেদ অপুও উপস্থিত ছিলেন।

তবে বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রোববার সন্ধ্যায় যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন। দেশে ফেরার পরদিনই তিনি দলের নেতাদের নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেন।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সারা দেশে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। রাজনৈতিক পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রী ও এনসিপি নেতাদের এই বৈঠক অনুষ্ঠিত হলো।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে