×
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

শুধু বরকে মিষ্টি খেতে বললেন বোরকা পরা তরুণী, এরপর যা ঘটল

২০২৬ নভেম্বর ১৯ ২০:৪০:২০
শুধু বরকে মিষ্টি খেতে বললেন বোরকা পরা তরুণী, এরপর যা ঘটল

নিজস্ব প্রতিবেদক: বিয়ের অনুষ্ঠানে বরের জন্য আনা বিশেষ মিষ্টিতে অস্বাভাবিক গন্ধ পাওয়াকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে নেত্রকোণার মোহনগঞ্জে। মিষ্টিতে বিষ মেশানো হয়েছে—এমন সন্দেহে বিয়ে না করেই কনের বাড়ি থেকে ফিরে গেছেন বরসহ বরযাত্রীরা। এ সময় মিষ্টি নিয়ে আসা বোরকা পরা এক তরুণীর হাতে কীটনাশকের বোতল দেখেছেন বলে দাবি করেছেন বরপক্ষের লোকজন।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে মোহনগঞ্জ উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের বসন্তিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বর তাওফিকুর রহমান (২৫) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেরিকান্দা গ্রামের সিদ্দিক আলীর ছেলে। কনে সাদিয়া আক্তার (২০) একই উপজেলার বসন্তিয়া গ্রামের নিজাম উদ্দিন ওরফে ওলামের মেয়ে।

বরের চাচাতো ভাই বজলুর রহমান জানান, বুধবার বেলা ৩টার দিকে বর তাওফিকুর রহমানকে নিয়ে তারা কনের বাড়িতে পৌঁছান। বিয়ে পড়ানোর জন্য কাজিও উপস্থিত ছিলেন। এ সময় বরযাত্রীরা খাওয়া-দাওয়ায় ব্যস্ত ছিলেন। এর মধ্যে বোরকা পরা এক তরুণী মিষ্টি নিয়ে এসে জানান, এসব মিষ্টি শুধু বর খাবেন, অন্য কেউ নয়।

বজলুর রহমানের দাবি, মিষ্টি মুখে দেওয়ার সময় বর তাওফিকুর রহমান তাতে অস্বাভাবিক গন্ধ পান। বিষয়টি জানার পর বরপক্ষের লোকজন মিষ্টি পরীক্ষা করে বিষ মেশানোর সন্দেহ করেন। এ সময় ওই তরুণীর হাতে একটি কীটনাশকের বোতল দেখতে পান বলে দাবি করেন তারা। পরে তরুণী দ্রুত সেখান থেকে চলে যান।

তিনি আরও জানান, বিষয়টি কনেপক্ষকে জানিয়ে ওই তরুণীর খোঁজ করা হলেও তাকে পাওয়া যায়নি। কনের পরিবারের সদস্যরাও ওই তরুণীকে চিনতে পারেননি বলে জানান। এ ঘটনায় আতঙ্কিত হয়ে বরকে নিয়ে তারা দ্রুত মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। পরে বিয়ে না করেই বাড়ি ফিরে যান বরযাত্রীরা। দুই পরিবারের আলোচনার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শহীদুল ইসলাম জানান, বিকেল ৪টার দিকে তাওফিকুর রহমান নামে এক যুবক জরুরি বিভাগে আসেন। তার স্বজনদের অভিযোগ ছিল, বিয়ের অনুষ্ঠানে তাকে বিষ মেশানো মিষ্টি দেওয়া হয়েছিল। তবে তিনি মিষ্টি খাননি।

চিকিৎসক জানান, ঘটনার পর তাওফিকুর রহমান ভীত ও মানসিকভাবে হতাশ ছিলেন। তাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম বলেন, বরপক্ষের লোকজন মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ করেছেন। তবে মিষ্টিতে আদৌ বিষ ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।

বড়তলী-বানিয়াহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহাগ তালুকদার বলেন, বরকে পছন্দ না হওয়ায় কনে এক তরুণীকে দিয়ে মিষ্টিতে বিষ মিশিয়ে বিয়ে ভাঙার চেষ্টা করেছেন বলে তিনি শুনেছেন। তবে ঘটনার সত্যতা তিনি নিজে নিশ্চিত হতে পারেননি।

এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, এ ধরনের কোনো ঘটনার কথা তার জানা নেই। এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে