×
ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

৫ হাজার ৬১৯ শ্রমিকের কর্মস্থল বন্ধ ঘোষণা, বিপাকে অ্যাপেক্স স্পিনিং

২০২৬ নভেম্বর ১৬ ১৬:৪৯:২৩
৫ হাজার ৬১৯ শ্রমিকের কর্মস্থল বন্ধ ঘোষণা, বিপাকে অ্যাপেক্স স্পিনিং

নিজস্ব প্রতিবেদক: শ্রমিকদের কর্মবিরতি ও মজুরি বৃদ্ধির দাবিতে চলমান অসন্তোষের মধ্যে গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলসের কারখানার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানটির বার্ষিক টার্নওভার প্রায় ৫১৮ কোটি টাকা। কারখানাটিতে কাজ করেন প্রায় ৫ হাজার ৬১৯ শ্রমিক ও কর্মচারী।

গার্মেন্টস খাতের চলমান শ্রমিক অসন্তোষের প্রভাব পড়েছে দেশের রপ্তানিমুখী বস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলসেও। শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় কারখানাটির উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে কর্তৃপক্ষ।

১৫ নভেম্বর ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দেওয়া এক মূল্যসংবেদনশীল তথ্যে কোম্পানিটি তাৎক্ষণিকভাবে কারখানা বন্ধের ঘোষণা দেয়। প্রতিষ্ঠানটি শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক ও বস্ত্র উৎপাদনকারী কোম্পানি।

কোম্পানির প্রকাশিত তথ্য অনুযায়ী, কারখানার বর্তমান পরিস্থিতি বিবেচনায় এবং কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক ও প্রতিষ্ঠানের সম্পদ সুরক্ষার স্বার্থে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কারখানাটি বন্ধের খবর প্রকাশের পর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারের দাম কিছুটা কমে ৪০৬ টাকা ৩০ পয়সায় দাঁড়ায়।

কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, শ্রমিকদের কর্মবিরতির কারণে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ায় কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানাটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

ওই ধারায় বেআইনি ধর্মঘটের পরিস্থিতিতে মালিকপক্ষ কারখানার কোনো অংশ বা সম্পূর্ণ কারখানা বন্ধ রাখার সুযোগ পায়। এ ধরনের পরিস্থিতিতে কর্মবিরতিতে অংশ নেওয়া শ্রমিকদের মজুরি না দেওয়ার বিধানও রয়েছে।

কোম্পানি জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে। কর্মপরিবেশ শান্ত ও উৎপাদনের উপযোগী হলে যত দ্রুত সম্ভব কারখানার কার্যক্রম পুনরায় চালু করার চেষ্টা চলছে।

এ ছাড়া কারখানা খোলার তারিখসহ গুরুত্বপূর্ণ পরিবর্তনের তথ্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং দুই স্টক এক্সচেঞ্জকে জানানো হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

দেশের তৈরি পোশাকশিল্পের গুরুত্বপূর্ণ উৎপাদন অঞ্চল গাজীপুর, সাভার ও আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়েছে। শ্রমিকদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ।

কয়েক দিন ধরে এসব এলাকার বিভিন্ন কারখানায় উৎপাদন বন্ধ থাকায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়ে আসছিল সরকার, কারখানার মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিরা। তবে কয়েকটি কারখানায় শ্রমিকদের কর্মস্থলে অনুপস্থিতি অব্যাহত রয়েছে।

এ পরিস্থিতিতে ১৪ নভেম্বর বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সতর্ক করে জানায়, শ্রমিকেরা কাজে যোগ না দিলে ১৫ নভেম্বর থেকে শ্রম আইন অনুযায়ী ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করা হতে পারে।

অক্টোবরের মাঝামাঝি সময়ে শ্রমিকদের আন্দোলন শুরু হলেও মাসের শেষ দিকে তা আরও জোরালো হয়। পরে ১ নভেম্বর নতুন মজুরি কাঠামো নির্ধারণের জন্য মজুরি বোর্ড গঠন করা হয়। গঠনের পর বোর্ডের দুটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।

অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলসের জন্য এ সময়ে কারখানা বন্ধের ঘটনা আর্থিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। কোম্পানিটির ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটির বার্ষিক টার্নওভার প্রায় ৫১৮ কোটি টাকা।

গত ৩০ জুন শেষ হওয়া ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে প্রায় ২ কোটি ৮৪ লাখ টাকা। এ সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৩৮ পয়সা। আগের অর্থবছরে পুনর্নির্ধারিত ইপিএস ছিল ৩ টাকা ১৭ পয়সা।

প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে আসছে। ২০২৫-২৬ অর্থবছরের জন্যও ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি।

এর আগে চলতি বছরের জুন মাসেও শ্রমিক অসন্তোষের কারণে অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলসের উৎপাদন কার্যক্রম বন্ধ হয়েছিল। ওই সময় প্রায় ৫ হাজার শ্রমিক ও কর্মচারী অনিশ্চয়তার মধ্যে পড়েন।

কোম্পানির ভাষ্য অনুযায়ী, করপোরেট সুযোগ-সুবিধা ও চাকরিসংক্রান্ত বিভিন্ন দাবিতে শ্রমিকদের আন্দোলনের কারণে কারখানার স্বাভাবিক উৎপাদন ব্যাহত হয়েছিল। কর্তৃপক্ষের দাবি ছিল, শ্রমিকদের উত্থাপিত কিছু দাবি আইনসংগত নয় এবং আন্দোলনের কারণে কর্মপরিবেশ ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল।

এ পরিস্থিতিতে কর্তৃপক্ষ আইন অনুযায়ী লে-অফ ঘোষণা করে। তবে দুই দিন পর, ২৬ জুন সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা ও সমঝোতার মাধ্যমে কারখানাটির উৎপাদন কার্যক্রম আবার চালু হয়। পরে পূর্ণাঙ্গ উৎপাদন কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেয় পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

কোম্পানিটির শেয়ার ধারণসংক্রান্ত মে মাসের প্রতিবেদন অনুযায়ী, উদ্যোক্তা ও পরিচালকদের হাতে রয়েছে ৫০ দশমিক ৭১ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১১ দশমিক ৫৮ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে শূন্য দশমিক ২৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে অবশিষ্ট ৩৭ দশমিক ৪৬ শতাংশ শেয়ার।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে